শুক্রবার, ২৪ জুলাই ২০২৬,
৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
শিরোনাম: টানা বৃষ্টিতে বাড়ল সবজির দাম      গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী      রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ একই পরিবারের দুজনের মৃত্যু      ফ্যাসিবাদমুক্ত বঙ্গভবন, পদত্যাগ করছেন চুপ্পু      যে খাবারে জীবন বাঁচে সেই খাবারেই মৃত্যু      মক্কায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ প্রবাসী বাংলাদেশি নিহত      শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক সিজেপির, উত্তাল পরিস্থিতি      
অর্থনীতি
টানা বৃষ্টিতে বাড়ল সবজির দাম
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১:৫৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

টানা কয়েক দিনের বৃষ্টিতে রাজধানীর কাঁচাবাজারে আবারও ঊর্ধ্বমুখী সবজির দাম। বাজারে বেশির ভাগ সবজিই এখন ১০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। এর মধ্যে কাঁচা মরিচের দাম পৌঁছেছে কেজিপ্রতি ২৮০ টাকায়, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন ক্রেতারা।

কয়েক দিনের টানা বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর কাঁচা বাজারে। সব সবজির দাম সেঞ্চুরি পেরিয়েছে। শুধু পেঁপে ৪০ টাকা, দুই একটি সবজি ৮০ টাকা, আর বাকি সব সবজি ১০০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। সবচেয়ে বেশি দামে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২৮০ টাকায়।

শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজারে সবজির বাড়তি দামের এমন চিত্র দেখা গেছে।

আজকের বাজারে প্রতি কেজি কচুর লতি বিক্রি হচ্ছে ১০০ টাকায়, বরবটি প্রতি কেজি ১২০ টাকা, জালি প্রতি পিস ৮০ টাকা, লাউ প্রতি পিস ১০০ টাকা, পেঁপে প্রতি কেজি ৪০ টাকা, চিচিঙ্গা প্রতি কেজি ৮০ টাকা, গাজর প্রতি কেজি ১৩০ টাকা, শসা প্রতি কেজি ১৪০ টাকা এবং পটল প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া প্রতি কেজি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২৮০ টাকায়, টমেটো প্রতি কেজি ১৬০ টাকা, করলা প্রতি কেজি ১২০ টাকা, উচ্ছে প্রতি কেজি ১৪০ টাকা, শসা প্রতি কেজি ১৬০ টাকা, বেগুন (লম্বা) প্রতি কেজি ১২০ টাকা, গোল বেগুন প্রতি কেজি ১৬০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৮০ টাকা এবং কাঁকরোল প্রতি কেজি ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

সাপ্তাহিক ছুটির দিনে মালিবাগ বাজারে বাজার করতে এসেছেন সরকারি চাকরিজীবী হায়দার আলী। সবজির এমন বাড়তি দামের বিষয়ে তিনি বলেন, “গত কিছুদিন ধরেই সবজির দাম বাড়তি যাচ্ছে। তবে আজ এসে দেখছি, সবজির দাম আরও বেড়েছে। বলতে গেলে বাজারে ১০০ টাকার নিচে কোনো সবজি নেই। বেশিরভাগ সবজি ১০০ থেকে ১৬০ টাকা কেজি। কাঁচা মরিচ কিনলাম ২৮০ টাকা কেজি, অনেক জায়গায় আবার ৩০০ টাকা। এত দাম দিয়ে সবজি কিনে খাওয়া কি সম্ভব? বর্ষায় বৃষ্টির কারণে সবজির দাম বাড়তে পারে। তাই বলে এতটা বাড়বে আর বাজারে কোনো মনিটরিং হবে না, সেটা কীভাবে হয়? বিক্রেতারা যে যার মতো করে দাম বাড়িয়ে বিক্রি করছেন। কোনটার কত বাড়বে, সেটা দেখার মনে হয় কেউ নেই।’’

একই রকম অভিযোগ জানিয়ে রামপুরা বাজারের আরেক ক্রেতা মাসুদ রানা বলেন, “গত কিছুদিন তাও ৮০ থেকে ১০০ টাকার মধ্যে সবজিগুলো ছিল। আজকের বাজারে বেশিরভাগ সবজি ১০০ থেকে ১৬০ টাকা। সবজিই যদি এত বেশি দামে কিনে খেতে হয়, তাহলে মাছ, মাংস আর মুরগি কীভাবে কিনব? সেগুলোর তো আরও বেশি দাম।’’

সবজির বাড়তি দাম নিয়ে রাজধানীর শান্তিনগর বাজারের সবজি বিক্রেতা নাজিমুদ্দিন বলেন, “সবজির দাম কমই যাচ্ছিল, কিন্তু গেল কয়েক দিনের বৃষ্টির কারণে সব ধরনের সবজির দাম বেড়েছে। পাইকারি বাজারে সবজির সরবরাহ কম, বৃষ্টির কারণে। ‌ অনেক স্থানে কৃষকের সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে বৃষ্টির কারণে। এ ছাড়া, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বৃষ্টির কারণে ঢাকায় সবজি কম আসছে। সব মিলিয়ে বাজারে সবজির দাম বেড়েছে। ‌বৃষ্টি চলমান থাকাকালীন সময়ে সবজির দাম বাড়তিই যাবে। আবহাওয়া ভালো হওয়ার পর থেকে সবজির দাম কমে আসবে।’’

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  সবজির দাম  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close