মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৯ জনের      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯৯৯      প্রাথমিকের ১৪৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর      ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়তে হবে : পানিসম্পদমন্ত্রী      স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা চায় বাংলাদেশ      সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার      
দেশজুড়ে
ধামরাইয়ে চিকিৎসক সংকটে পাঁচ লাখ মানুষের স্বাস্থ্যসেবা ব্যাহত
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ২:৪৭ পিএম আপডেট: ১৮.০৮.২০২৬ ২:৫১ পিএম
৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র

৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র

ঢাকার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ রোগী চিকিৎসা নিতে আসেন। অথচ ৫০ শয্যার এ হাসপাতালে প্রয়োজনের তুলনায় চিকিৎসক ও জনবল কম থাকায় বিপুলসংখ্যক মানুষ কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। প্রায় ৫ লাখ মানুষের জন্য একমাত্র এ হাসপাতালে প্রতিদিন ১৫০ শয্যার সমান রোগীর চাপ সামলাতে হচ্ছে।

চিকিৎসক সংকটের পাশাপাশি ওষুধের স্বল্পতা, তীব্র লোডশেডিং ও এক্স-রে সেবা ব্যাহত হওয়ায় ভোগান্তি আরও বেড়েছে। সব মিলিয়ে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই যেন নানা সংকটে জর্জরিত।

মঙ্গলবার (১৮ আগস্ট) সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের দীর্ঘ লাইন। টিকিট কাউন্টারেও ছিল ভিড়। এর মধ্যে তীব্র লোডশেডিং থাকায় রোগীদের দুর্ভোগ আরও বেড়ে যায়। টিকিটের লাইনের স্থানেও পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা না থাকায় গরমে কষ্ট পাচ্ছিলেন সেবাগ্রহীতারা।

বিপুলসংখ্যক রোগীর বিপরীতে পর্যাপ্ত চিকিৎসক না থাকায় একজন চিকিৎসকের পক্ষেও মানসম্মত সেবা দেওয়া কঠিন হয়ে পড়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

চিকিৎসা নিতে আসা অনিক মিয়া বলেন, “ডাক্তার দেখানোর পর পরবর্তী ভোগান্তি শুরু হয় ওষুধের কাউন্টারে। এখানে বিনামূল্যে ওষুধ পাওয়ার কথা। আমার প্রেসক্রিপশনে সাতটি ওষুধ থাকলেও স্টকে না থাকায় পেয়েছি মাত্র দুটি।”

হাসপাতালের ইনডোর বিভাগেও দেখা গেছে একই চিত্র। ৫০ শয্যার হাসপাতালটিতে ধারণক্ষমতার তুলনায় কয়েক গুণ বেশি রোগী ভর্তি থাকায় দেখা দিয়েছে তীব্র বেড সংকট। বাধ্য হয়ে অনেক রোগীকে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে।

এর সঙ্গে যোগ হয়েছে লোডশেডিংয়ের ভোগান্তি। বিদ্যুৎ চলে গেলে গরমে ছটফট করতে হয় সাধারণ ও শিশু রোগীদের। ভর্তি রোগীদের অভিযোগ, একবার চিকিৎসক দেখার পর অনেক সময় আর চিকিৎসকের দেখা পাওয়া যায় না। প্রয়োজনের সময় নার্সরাই তাদের ভরসা।

সরকারি খরচে কম মূল্যে এক্স-রে করার সুযোগ থাকলেও নিয়মিত সেবা না পাওয়ায় রোগীদের বাইরে যেতে হচ্ছে। তীব্র লোডশেডিংয়ের কারণে এক্স-রে ও অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা অনিয়মিত হয়ে পড়েছে। ফলে দরিদ্র রোগীরাও বাধ্য হয়ে বেশি খরচে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার থেকে পরীক্ষা করাচ্ছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট, ফিল্ড স্টাফসহ বিভিন্ন পদে মোট ১৩৫ জনের অনুমোদিত জনবলের মধ্যে প্রায় ৩০টি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এর মধ্যে নয়জন চিকিৎসক সংযুক্তিতে ঢাকায় কর্মরত আছেন। ফলে চিকিৎসকের সংকট আরও প্রকট হয়েছে।

এ ছাড়া প্যাথলজি বিভাগেও প্রয়োজনীয় জনবল না থাকায় রোগীদের বিভিন্ন পরীক্ষা করাতে হচ্ছে বাইরের ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে।

ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহমেদুল হক তিতাস বলেন, “আমাদের বেশ কয়েকজন চিকিৎসক সংযুক্তিতে ঢাকায় রয়েছেন। চিকিৎসাসেবার মান বাড়ায় হাসপাতালে রোগীর চাপও বেড়েছে। ৫০ শয্যার হাসপাতালে আমরা প্রতিদিন ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ সেবাগ্রহীতাকে চিকিৎসা দিচ্ছি।”

তিনি আরও বলেন, “চিকিৎসকসহ জনবল সংকটের যে সমস্যা রয়েছে, তা দ্রুত সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”

স্থানীয়দের দাবি, ধামরাইয়ের প্রায় ৫ লাখ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দ্রুত চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল নিয়োগের পাশাপাশি পর্যাপ্ত ওষুধ, পরীক্ষা-নিরীক্ষার সুবিধা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা জরুরি।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  চিকিৎসক সংকট   স্বাস্থ্যসেবা ব্যাহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close