গজারিয়ায় কুমিল্লা থেকে ঢাকাগামী মিয়ামি এয়ারকন পরিবহনের একটি বাসের যাত্রীদের মারধরের অভিযোগ উঠেছে চালকসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনুসন্ধানে জানা গেছে, হামলায় অন্তত চারজন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের মাথা ফেটে যায়।
আহতরা হলেন—সোহেল (২৬), সিয়াস (২১), হাসিনা আক্তার (৪৫) ও নাসিমা বেগম (৪৮)।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি বাসে উঠে লোহার রড বা দণ্ডজাতীয় কিছু দিয়ে যাত্রীদের মারধর করছেন। অন্য একটি ভিডিওতে দেখা যায়, হামলায় দুই নারীসহ চারজনের মাথা ফেটে গেছে। এ সময় ভুক্তভোগী যাত্রীরা বাঁচার জন্য আকুতি জানাচ্ছিলেন।
ঘটনার নেপথ্য কারণ সম্পর্কে খোঁজ নিয়ে জানা গেছে, মিয়ামি এয়ারকন পরিবহনের একটি বাস কুমিল্লা থেকে ঢাকায় আসার পথে কুমিল্লার মাধাইয়া এলাকায় এক মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দেয়। এতে ওই আরোহী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর বাসের যাত্রীরা চালককে বাস থামাতে বাধ্য করেন। এ সময় চালকের সঙ্গে যাত্রীদের বাকবিতণ্ডা হয়।
চালক বাস থামালে স্থানীয় উৎসুক জনতা তাকে মারধর করে। পরে পুলিশ বাসটি থানায় নিয়ে যায়। এ সময় সুযোগ বুঝে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে কৌশলে গজারিয়ায় নিজ বাড়িতে চলে যান। এর কিছুক্ষণ পর পরিবহন কর্তৃপক্ষ অন্য একটি বাস পাঠিয়ে আটকে পড়া যাত্রীদের ঢাকায় যাওয়ার ব্যবস্থা করে।
এদিকে পূর্বের বাসের চালক স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে মহাসড়কের গজারিয়া অংশের বাউশিয়া পাখির মোড় এলাকায় আগে থেকেই অবস্থান নেন। আটকে পড়া যাত্রীরা নতুন বাসে করে বিকাল পৌনে ৫টার দিকে ওই এলাকায় পৌঁছালে আগের বাসের চালক বাস থামানোর সংকেত দেন।
বাসটি থামার সঙ্গে সঙ্গে তিনি সঙ্গীদের নিয়ে ভেতরে ঢুকে পড়েন এবং দুর্ঘটনার সময় বাস থামাতে বাধ্য করা যাত্রীদের ওপর হামলা চালান। পরে যাত্রীরা ৯৯৯ নম্বরে ফোন করলে গজারিয়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ভুক্তভোগী বাসযাত্রী সাফায়েত হোসেন বলেন, ‘এক নজিরবিহীন ঘটনার সাক্ষী হলাম আমরা। মিয়ামি এয়ারকন পরিবহনের একজন চালক গজারিয়ায় গাড়ি থামিয়ে আমাদের সহযাত্রীদের ওপর সশস্ত্র হামলা চালিয়েছেন। হামলায় চার-পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ঘটনায় আহত চারজনকে হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। সোহেল নামে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।
এ বিষয়ে গজারিয়া হাইওয়ে থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে ছুটে যাই এবং আহতদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই। এ ঘটনায় জড়িতরা যাতে উপযুক্ত শাস্তি পায়, সেজন্য ভুক্তভোগীদের থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি।’
কেকে/এলএ