গাজীপুরের কালিয়াকৈরে দ্বিতীয় শ্রেণির সাত বছর বয়সী এক শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়রা ওই যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার কালামপুর খাজাডেক এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আটক যুবক হলেন মৌচাক ইউনিয়নের ভূলুয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে সুজন মিয়া (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে স্থানীয় একটি বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে সুজন ওই শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে পাশের একটি জঙ্গলে নিয়ে যান। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা ও শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করার অভিযোগ ওঠে।
এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে সুজনকে আটক করেন। পরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
মৌচাক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তফা দেওয়ান পাপ্পু বলেন, ওই যুবকের বিরুদ্ধে এর আগেও শিশুদের যৌন হয়রানির অভিযোগ রয়েছে। তিনি এ ঘটনায় দোষীর সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ‘খোলা কাগজকে’ বলেন, “শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির মা বাদী হয়ে মামলা করেছেন।”
তিনি বলেন, “গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
কেকে/সাশ