প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে চলছে আলোচনা। এদিকে প্রধানমন্ত্রী আগামী ২১ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র) যাচ্ছেন। কিন্তু জাতিসংঘ অধিবেশনে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “ভারত সফর নিয়ে বাংলাদেশ ভারতের মধ্যে আলোচনা চলছে। প্রধানমন্ত্রী অবশ্যই ভারত সফরে যাবেন। তবে তারিখ এখনও নির্ধারণ হয়নি। একই সঙ্গে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই।”
প্রধানমন্ত্রীর ভারত সফরকে ঘিরে দু’দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত কর্মসূচি বা সফরসূচি নির্ধারিত হয়নি বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির রাজনৈতিক ভূমিকা নিয়েও মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, “আন্তর্জাতিক পর্যায়ে বিএনপির জনপ্রিয়তা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।”
বাংলাদেশের গণতন্ত্র যখনই ঝুঁকির মুখে পড়েছে, তখনই বিএনপি সামনে থেকে ভূমিকা রাখার চেষ্টা করেছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
কেকে/সাশ