মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী      প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা      জ্বালানি তেলের দাম বাড়াতে আইএমএফের কোনো শর্ত নেই : জাহেদ উর রহমান      চাপে সাধারণ মানুষ, নিরুপায় সরকার      নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      একে একে গ্রেপ্তার ইমরান খানের তিন বোন      বাসভাড়া কিলোমিটারে ২০ পয়সা বাড়াতে চান পরিবহন মালিকরা      
রাজধানী
মোহাম্মদপুরে চাঁদাবাজির মামলায় বহিষ্কৃত শ্রমিক দল নেতা পিন্টু গ্রেপ্তার
মোহাম্মদপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ২:১২ পিএম আপডেট: ০২.০৯.২০২৬ ২:১৫ পিএম
বহিষ্কৃত নেতা মো. আলী কায়সার পিন্টু

বহিষ্কৃত নেতা মো. আলী কায়সার পিন্টু

রাজধানীর মোহাম্মদপুরে আন্তঃজেলা ট্রাক মালিক সমিতির কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি, কার্যালয়ে ভাঙচুর ও এক সদস্যকে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় শ্রমিক দলের বহিষ্কৃত নেতা মো. আলী কায়সার পিন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারের পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। এ মামলায় আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদপুর থানার ওসি মো. আব্দুল হালিম। 

ওসি মো. আব্দুল হালিম বলেন, “চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় আলী কায়সার পিন্টুকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়। মামলার অন্য দুই আসামিকে থানায় রাখা হয়েছিল; তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩১ আগস্ট বিকেল ৫টার দিকে সাত মসজিদ হাউজিংয়ের ভাঙা মসজিদ ট্রাক টার্মিনালে আন্তঃজেলা ট্রাক মালিক সমিতির কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। পরে এ ঘটনায় চাঁদাবাজির অভিযোগে মামলা করা হয়।

মামলার বাদী ও সমিতির সদস্য মো. বেলায়েত হোসেন এজাহারে অভিযোগ করেন, আলী কায়সার পিন্টুসহ কয়েকজন বিভিন্ন সময়ে সমিতির কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দিলে ভয়ভীতি ও হুমকি দেওয়ারও অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, ঘটনার দিন পিন্টুসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জন সমিতির কার্যালয়ে ঢুকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। তাৎক্ষণিকভাবে ৫ লাখ টাকা দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। সমিতির সদস্যরা এতে রাজি না হলে অভিযুক্তরা কার্যালয়ের টেবিল, চেয়ার ও ব্যানার ভাঙচুর করেন। এতে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বাদী বেলায়েত হোসেনকে লাঠি দিয়ে মারধরের অভিযোগও করা হয়েছে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে। পরে সমিতির সভাপতি মনোয়ার হোসেন মন্টু, সাধারণ সম্পাদক জহির হোসেন, ড্রাইভার সমিতির সভাপতি মো. নশু মিয়াসহ অন্যরা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন।

অভিযোগ অনুযায়ী, এ সময় অভিযুক্তরা ভয়ভীতি ও হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

পুলিশ জানায়, আলী কায়সার পিন্টুর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় আগে অন্তত আটটি মামলা রয়েছে। এছাড়া চাঁদাবাজির অভিযোগে পুলিশের তালিকাতেও তাঁর নাম রয়েছে বলে দাবি পুলিশের।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত বছরের ৮ মে মোহাম্মদপুর থানা শ্রমিক দলের আহ্বায়ক পদ ও দলের সদস্যপদ থেকে পিন্টুকে বহিষ্কার করা হয়।

এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা নম্বর-৭ দায়ের হয়েছে। মামলায় আলী কায়সার পিন্টু, মো. আকবর, মো. বাদশা এবং অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।

ওসি মো. আব্দুল হালিম বলেন, “পিন্টুর বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। তিনি শ্রমিক দলের আহ্বায়ক থাকাকালেও তাঁর বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের তথ্য পুলিশের কাছে ছিল বলে জানান তিনি।”


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  মোহাম্মদপুর   চাঁদাবাজির মামলা   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close