বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ২০২৫ সালের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী      আগামী বছরের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা      হাসিনা-রেহানার বিরুদ্ধে মামলা করবে দুদক      সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবাই নিজেদের বাংলাদেশি মনে করি : প্রধানমন্ত্রী      দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে ভারত      নানামুখী সংকটে বাড়ছে অসন্তোষ      আসিফ মাহমুদসহ চারজনের দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক      
জাতীয়
২০২৫ সালের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩০ পিএম

২০২৫ সালের তুলনায় দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। পুলিশের কেন্দ্রীয়ভাবে সংরক্ষিত অপরাধের পরিসংখ্যান এবং জেলাভিত্তিক সমন্বিত তথ্য বিশ্লেষণ করে এ মূল্যায়ন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমদ বলেন, খুন, অপহরণ, ধর্ষণ, অস্ত্র মামলা, নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধের মাসিক পরিসংখ্যান পুলিশ সদর দপ্তরে কেন্দ্রীয়ভাবে সংরক্ষণ ও নিয়মিত হালনাগাদ করা হয়। আগের বছরের পরিসংখ্যানের সঙ্গে এসব তথ্য তুলনা করেই আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করা হচ্ছে।

তিনি বলেন, ‘২০২৫ সালের তুলনায় আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। সংখ্যা দিয়ে আমরা সেটা দেখিয়েছি। এটা আমাদের সরকারি সূত্র। আপনারা চাইলে যাচাই করতে পারেন।’

অন্য কোনো সরকারি কর্মকর্তা বা উপদেষ্টার বক্তব্যের সঙ্গে পুলিশের তথ্যের বিরোধ তৈরি না করার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারও কাছে ভিন্ন কোনো পরিসংখ্যান থাকলে তা যাচাইয়ের জন্য পুলিশকে দিতে হবে।

শিশু নিখোঁজের ঘটনায় প্রায় ১৫ হাজার সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে এবং আগের সময়ের তুলনায় তা বেড়েছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী ওই তথ্যের সূত্র জানতে চান।

তিনি বলেন, ‘সেই কাগজটা আমাদের দেন, তথ্যটা আমরা একটু যাচাই করে দেখি। আমাদের সূত্র এটা নয়।’

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশ সদর দপ্তরে প্রতিটি জেলা থেকে মাসিক অপরাধের তথ্য সংগ্রহ করা হয়। পরে এসব তথ্য কেন্দ্রীয়ভাবে সংকলন করে সারাদেশের অপরাধচিত্র তৈরি করা হয় এবং নিয়মিত তা পর্যবেক্ষণ করা হয়।

তিনি বলেন, ‘আমি কথা বলব ডাটাভিত্তিক, প্রমাণভিত্তিক, আমাদের পুলিশের রেকর্ডভিত্তিক। সে ডাটাটা আপনারা যাচাই করতে পারবেন।’

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার কতটা সন্তুষ্ট—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান চিত্রে সরকার সন্তুষ্ট। তবে জনগণের প্রত্যাশা অনুযায়ী পরিস্থিতি আরও উন্নত করতে সময় লাগবে।

সাম্প্রতিক ছিনতাইয়ের ঘটনায় এক শিক্ষিকার মৃত্যুর প্রসঙ্গে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনার ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

পরে গোয়েন্দা পুলিশ আরও কয়েকজনকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে মালামাল জব্দ করেছে এবং আদালতে সোপর্দ করেছে বলেও জানান তিনি।

ছিনতাইকারীরা এখনো সক্রিয়—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে আগে নোটিশ দিয়ে অপরাধ সংঘটিত হয় না। আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানের কারণে ছিনতাইয়ের প্রবণতা এরই মধ্যে কমেছে এবং ভবিষ্যতে আরও কমবে।

আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য সরকারকে বিব্রত করতে বা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গোপনে বাধা দিচ্ছেন কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের কোনো তথ্য থাকলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে দিতে হবে।

তিনি বলেন, বাহিনীর অভ্যন্তরীণ গোয়েন্দা কার্যক্রম চালু রয়েছে এবং সেখান থেকেও এ ধরনের বিষয় শনাক্ত করা হয়। কারও কাছে তথ্য থাকলে তা দিলে যাচাই করে দেখা হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে কি না—এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবশ্যই। দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি করা সম্ভব হবে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  আইনশৃঙ্খলা পরিস্থিতি   স্বরাষ্ট্রমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close