একটি রাষ্ট্রের ভৌগোলিক অবস্থান পরিবর্তন করা যায় না, কিন্তু চাইলে রাষ্ট্রীয় পর্যায়ে সেটাকে সুযোগ হিসেবে কাজে লাগানোর পরিকল্পনা নেওয়া যায় এবং সেই অনুযায়ী দক্ষতা অর্জন করা যায়। যে রাষ্ট্র তার ভৌগোলিক অবস্থানের কৌশলগত গুরুত্ব বুঝতে পারে, সে উন্নয়ন, বাণিজ্য, যোগাযোগ ও কূটনীতির নতুন পথ আবিষ্কার করে। আর যে রাষ্ট্র তা পারে না, সে অন্যদের ভূ-রাজনৈতিক কৌশলের উপকরণে পরিণত হয়।
আন্তর্জাতিক সম্পর্কের ‘বাস্তববাদী’ দৃষ্টিভঙ্গি আমাদের শেখায় যে, রাষ্ট্রের নিরাপত্তা ও সমৃদ্ধি অনেকাংশে নির্ভর করে তার অবস্থান, সংযোগ এবং কৌশলগত সক্ষমতার ওপর।
বঙ্গোপসাগরের তীরবর্তী বাংলাদেশ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগস্থলে অবস্থিত এমন এক ভূগোল, যা সঠিকভাবে কাজে লাগানো গেলে দেশটি আঞ্চলিক বাণিজ্য, জ্বালানি পরিবহন, সরবরাহ শৃঙ্খল এবং যোগাযোগ নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠতে পারে। তাই একুশ শতকের পরিবর্তিত বিশ্ব বাস্তবতায় বাংলাদেশের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর একটি হলো, আমরা কি আমাদের ভূ-রাজনৈতিক অবস্থানকে জাতীয় স্বার্থে অর্থাৎ নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিত করার শক্তিতে রূপান্তর করতে পারব?
বৈশ্বিক শক্তির প্রতিযোগিতা, ভারত মহাসাগরকেন্দ্রিক কৌশলগত পুনর্বিন্যাস, বাণিজ্যিক সরবরাহ শৃঙ্খলের পুনর্গঠন এবং আঞ্চলিক সংযোগের নতুন উদ্যোগগুলো এই প্রশ্নকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
বর্তমান আন্তর্জাতিক পরিবেশে চীন কেবল রাজনৈতিক ও সামরিক দিক দিয়ে একটি ক্ষমতাধর রাষ্ট্রই নয়; এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি, বৃহত্তম উৎপাদন কেন্দ্র, অন্যতম বৃহৎ বাণিজ্যিক শক্তি এবং বৈশ্বিক অবকাঠামো বিনিয়োগের প্রধান উৎসগুলোর একটি। চীনের উদ্যোগে গড়ে ওঠা বন্দর, রেলপথ, সড়ক, জ্বালানি ও শিল্প অবকাঠামো ইতোমধ্যে এশিয়া, আফ্রিকা ও ইউরোপের বহু দেশের অর্থনৈতিক মানচিত্র বদলে দিয়েছে।
ফলে বাংলাদেশের মতো উন্নয়নশীল রাষ্ট্রের জন্য চীনের সঙ্গে সম্পর্কের প্রশ্নটি কোনো রাজনৈতিক আদর্শ বা আবেগনির্ভর বিষয় নয়; বরং এটি জাতীয় স্বার্থ, অর্থনৈতিক উন্নয়ন এবং নিরঙ্কুশ সার্বভৌমত্বের জন্য আঞ্চলিক অবস্থান ও আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে নিজস্ব অবস্থানকে শক্তিশালী করার প্রশ্ন। একটি আত্মবিশ্বাসী রাষ্ট্র কখনো একক নির্ভরতার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখে না; বরং বহুমাত্রিক অংশীদারত্বের মাধ্যমে নিজের কৌশলগত পরিসর প্রসারিত করে।
আন্তর্জাতিক সম্পর্কের ‘বাস্তববাদী’ তত্ত্ব আমাদের শেখায় যে রাষ্ট্রসমূহের স্থায়ী বন্ধু বা শত্রু থাকে না; আন্তর্জাতিক সম্পর্কের কেন্দ্রে থাকে কেবল স্থায়ী জাতীয় স্বার্থ। আন্তর্জাতিক ব্যবস্থার ‘অরাজক’ কাঠামোয় প্রতিটি রাষ্ট্রের প্রধান দায়িত্ব হলো নিজের নিরাপত্তা, সার্বভৌমত্ব, অর্থনৈতিক সমৃদ্ধি এবং কৌশলগত সক্ষমতা নিশ্চিত করা। ফলে রাষ্ট্রীয় সম্পর্ক আবেগ, আদর্শ কিংবা সাময়িক রাজনৈতিক পছন্দ-অপছন্দের ভিত্তিতে নয়; বরং জাতীয় স্বার্থের নিরিখে নির্ধারিত হয়।
ব্রিটিশ রাষ্ট্রনায়ক লর্ড পামারস্টনের (১৭৮৪-১৮৬৫) বহুল উদ্ধৃত বক্তব্যও একই সত্যকে প্রতিফলিত করে। অন্য রাষ্ট্রের সাথে সম্পর্কের প্রকৃতি বিশ্লেষণ করতে গিয়ে তিনি বলেছেন, ‘আমাদের কোনো শাশ্বত মিত্র নেই এবং কোনো চিরস্থায়ী শত্রুও নেই। আমাদের স্বার্থই শাশ্বত ও চিরস্থায়ী এবং সেই স্বার্থ অনুসরণ করাই আমাদের কর্তব্য’। প্রায় দুই শতাব্দী আগে উচ্চারিত এই বক্তব্য আজও আন্তর্জাতিক কূটনীতি ও রাজনীতির অন্যতম মৌলিক নীতিবাক্য হিসেবে বিবেচিত হয়।
সেই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশেরও উচিত চীনকে দেখা আবেগ বা ভীতি দিয়ে নয়, বরং জাতীয় স্বার্থের আলোকে। কোনো বৃহৎ শক্তির প্রতি অন্ধ সমর্থন যেমন একটি দায়িত্বশীল পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য হতে পারে না, তেমনি অকারণ সন্দেহ বা রাজনৈতিক পূর্বধারণার বশবর্তী হয়েও দীর্ঘমেয়াদি জাতীয় স্বার্থকে উপেক্ষা করা সমীচীন নয়।
গত কয়েক বছরে বিশ্ব রাজনীতির কেন্দ্র ধীরে ধীরে আটলান্টিক অঞ্চল থেকে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সরে এসেছে। বৈশ্বিক উৎপাদন, সরবরাহ শৃঙ্খল, সামুদ্রিক বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা এবং প্রযুক্তিগত প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুও ক্রমশ এই অঞ্চলে স্থানান্তরিত হচ্ছে। ফলে দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং বঙ্গোপসাগরকে ঘিরে নতুন অর্থনৈতিক ও কৌশলগত প্রতিযোগিতা গড়ে উঠেছে। যুক্তরাষ্ট্র, চীন, ভারত, জাপান, ইউরোপীয় শক্তিসহ বিভিন্ন রাষ্ট্র ও জোট এই অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তারে সক্রিয়।
এই নতুন বাস্তবতায় বাংলাদেশের ভৌগোলিক অবস্থান আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ, একই সঙ্গে অনেক বেশি স্পর্শকাতর। কারণ এই ভূখণ্ড এখন কেবল একটি জাতীয় ভূখণ্ড নয়; বরং বৃহত্তর আঞ্চলিক সংযোগ, সামুদ্রিক বাণিজ্য, অর্থনৈতিক করিডর এবং ভূরাজনৈতিক ভারসাম্যের একটি গুরুত্বপূর্ণ উপাদানে পরিণত হয়েছে।
বাংলাদেশ একদিকে দক্ষিণ এশিয়ার অংশ, অন্যদিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রবেশদ্বার। বঙ্গোপসাগরের তীরবর্তী অবস্থান, স্থলবেষ্টিত উত্তর-পূর্ব ভারতের নিকটবর্তিতা এবং মিয়ানমারের মাধ্যমে দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে সংযোগস্থল—সব মিলিয়ে বাংলাদেশ একটি সম্ভাব্য আঞ্চলিক সংযোগকেন্দ্র।
২০১৭ সালে বাংলাদেশ ও চীন তাদের দ্বিপক্ষীয় সম্পর্ককে ‘স্ট্র্যাটেজিক পার্টনারশিপ অব কোঅপারেশন’-এ উন্নীত করে। এরপর থেকে দুই দেশ অবকাঠামো, বাণিজ্য, বিনিয়োগ, ডিজিটাল অর্থনীতি, কৃষি, স্বাস্থ্য ও মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণে সম্মত হয়েছে।
২০২৪ সালের জুলাইয়ে তৎকালীন প্রধানমন্ত্রীর চীন সফরে এই সহযোগিতাকে আরও গভীর করার ঘোষণা আসে, যদিও আনুষ্ঠানিকভাবে ‘সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্ব’ (কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক কোঅপারেটিভ পার্টনারশিপ)-এ উন্নীত করার ঘোষণা এখনও আসেনি।
গণঅভ্যুত্থান-উত্তর রাজনৈতিক পালাবদলের পর সাম্প্রতিক সময়ে চীনা প্রধানমন্ত্রীর মিয়ানমার হয়ে বাংলাদেশ-চীন সংযোগ সড়ক নির্মাণের প্রস্তাব (তথা ‘বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোর’) সেই ধারাবাহিকতাকে নতুন মাত্রা দিয়েছে। বিশেষ করে স্থলপথে সরাসরি সংযোগ প্রতিষ্ঠার সম্ভাবনা শুধু দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সুযোগই সৃষ্টি করবে না; বরং বাংলাদেশকে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে একটি কার্যকর স্থলভিত্তিক অর্থনৈতিক সেতুতে পরিণত করার নতুন দিগন্তও উন্মোচন করতে পারে।
আমাদের মনে রাখতে হবে যে, বাংলাদেশ-চীন সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কেবল অবকাঠামো উন্নয়ন বা ঋণ গ্রহণ নয়; বরং স্থলপথে সংযোগসহ বহুমাত্রিক সংযোগ (মাল্টি-ডাইমেনশানাল কনেক্টিভিটি) প্রতিষ্ঠা করা। কারণ একবিংশ শতাব্দীর বিশ্ব অর্থনীতিতে উন্নয়নের মূল চালিকাশক্তি শুধু পুঁজি নয়, বরং সংযোগ। কারণ সংযোগই হলো উৎপাদনশীলতা বৃদ্ধির মৌলিক সোপান।
একটি দেশের সড়ক, রেল, সমুদ্রবন্দর, স্থলবন্দর, ডিজিটাল অবকাঠামো, জ্বালানি নেটওয়ার্ক এবং আন্তঃসীমান্ত বাণিজ্যব্যবস্থা যত বেশি পরস্পর সংযুক্ত হবে, সেই দেশের অর্থনৈতিক সক্ষমতা, প্রতিযোগিতামূলক শক্তি এবং কৌশলগত গুরুত্বও তত বৃদ্ধি পাবে। আধুনিক উন্নয়ন অর্থনীতিতে এ কারণেই ‘সংযোগ সক্ষমতা’ (কনেক্টিভিটি)-কে কেবল যোগাযোগব্যবস্থা হিসেবে নয়, বরং উৎপাদন, বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, জ্ঞান ও মানুষের চলাচলকে একীভূত করার একটি সামগ্রিক উন্নয়ন কাঠামো হিসেবে দেখা হয়।
ইতিহাস সাক্ষ্য দেয় যে, যে অঞ্চল বাণিজ্যপথের কেন্দ্রবিন্দুতে অবস্থান করে, সেই অঞ্চলই দীর্ঘমেয়াদে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ও লাভবান হয়। মধ্যযুগে সিল্ক রোড যেমন ইউরেশিয়ার অর্থনীতিকে চাঙ্গা ও রূপান্তরিত করেছিল, তেমনি আধুনিক যুগে সড়ক, রেল, সমুদ্রবন্দর, অর্থনৈতিক করিডর এবং বহুমাত্রিক সরবরাহ শৃঙ্খল উন্নয়নের নতুন ভিত্তি তৈরি করছে।
মিয়ানমার করিডর: সম্ভাবনা ও ঝুঁকি
সাম্প্রতিক সময়ে চীনের পক্ষ থেকে মিয়ানমার হয়ে বাংলাদেশকে স্থলপথে যুক্ত করার প্রস্তাব নতুন করে আলোচনায় এসেছে। এই প্রস্তাব বাস্তবায়িত হলে চীনের ইউনান প্রদেশ, মিয়ানমার এবং বাংলাদেশের মধ্যে একটি বিস্তৃত অর্থনৈতিক ও যোগাযোগ নেটওয়ার্ক গড়ে উঠতে পারে, যা বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দরের কৌশলগত গুরুত্ব এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড বহুগুণ বাড়িয়ে দিতে পারে।
অপরদিকে মিয়ানমারের সাথেও আমাদের সম্পর্ক উন্নয়নে এ উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম হবে। এর ফলে বঙ্গোপসাগরকেন্দ্রিক সামুদ্রিক যোগাযোগের সঙ্গে স্থলভিত্তিক যোগাযোগের একটি কার্যকর সমন্বয় সৃষ্টি হবে, যা বাংলাদেশকে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যবর্তী একটি স্বাভাবিক অর্থনৈতিক সেতুতে পরিণত করার সম্ভাবনা তৈরি করবে।
বিশেষত ইউনানের মতো চীনের অভ্যন্তরীণ প্রদেশগুলোর জন্য সমুদ্রে পৌঁছানোর একটি বিকল্প ও তুলনামূলকভাবে স্বল্প দূরত্বের পথ উন্মুক্ত হতে পারে, আর বাংলাদেশের জন্য সৃষ্টি হতে পারে নতুন ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট, লজিস্টিকস ও শিল্প বিনিয়োগের সুযোগ।
তবে এখানে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা অবলম্বন করা বিশেষভাবে প্রয়োজন। মিয়ানমারে চলমান গৃহযুদ্ধ, রোহিঙ্গা সংকট এবং সীমান্ত নিরাপত্তা ঝুঁকির কারণে এই করিডোর বাস্তবায়নে বাংলাদেশ সন্দেহ প্রকাশ করেছে। তাই এই প্রকল্প এগোতে হলে নিরাপত্তা, পরিবেশ ও সামাজিক প্রভাব মূল্যায়ন করে সতর্কতার সাথে অগ্রসর হতে হবে।
অর্থনীতির ভাষায় সংযোগ মানে শুধু রাস্তা নয়; সংযোগ মানে বাজার। আরও বিস্তৃত অর্থে, সংযোগ মানে সুযোগের সম্প্রসারণ। বাংলাদেশের প্রায় ১৮ কোটি মানুষের বাজার যদি দক্ষিণ-পূর্ব এশিয়া এবং দক্ষিণ-পশ্চিম চীনের বৃহৎ বাজারের সঙ্গে আরও সরাসরি যুক্ত হয়, তাহলে উৎপাদন, রপ্তানি, পর্যটন, লজিস্টিকস, গুদামজাতকরণ, ই-কমার্স এবং সেবাখাত নতুন গতি পেতে পারে।
তবে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক উন্নয়নে এখানে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা অবলম্বন করা বিশেষভাবে প্রয়োজন। চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন মানে কোনো একক পরাশক্তির ওপর নির্ভরশীল হয়ে পড়া নয়। বরং জাতীয় স্বার্থের ভিত্তিতে বহুমাত্রিক অংশীদারিত্ব গড়ে তোলা। বর্তমান বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থায় একটি দায়িত্বশীল রাষ্ট্রের কূটনৈতিক সাফল্য নির্ধারিত হয় সে কত দক্ষতার সঙ্গে বিভিন্ন পরাশক্তির সঙ্গে সম্পর্কের ভারসাম্য রক্ষা করতে পারে তার ওপর।
আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় একে বলা হয় ‘কৌশলগত ঝুঁকি ব্যবস্থাপনা’ (স্ট্র্যাটিজিক হেজিং), অর্থাৎ কোনো একটি শক্তির শিবিরে না গিয়ে সবার সঙ্গে সম্পর্ক বজায় রেখে নিজের স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দেওয়া। এই কৌশলের মূল দর্শন হলো প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক পরিবেশে এমন একটি ভারসাম্য সৃষ্টি করা, যাতে কোনো একটি পরাশক্তির ওপর অতিরিক্ত নির্ভরশীলতা তৈরি না হয় এবং একই সঙ্গে বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক, প্রযুক্তিগত, নিরাপত্তা ও কূটনৈতিক সহযোগিতার সুযোগও উন্মুক্ত থাকে।
চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো শিক্ষা, জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতা বৃদ্ধি করা। গত চার দশকে চীন যেভাবে অবকাঠামো, শিল্পায়ন, প্রযুক্তি, গবেষণা, উচ্চশিক্ষা, ডিজিটাল উদ্ভাবন এবং দারিদ্র্য হ্রাসের ক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি অর্জন করেছে, তার অভিজ্ঞতা বাংলাদেশের জন্য নিঃসন্দেহে শিক্ষণীয়।
আজ কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য জ্বালানি, উচ্চগতির রেলব্যবস্থা, উন্নত উৎপাদন প্রযুক্তি, ই-কমার্স এবং ডিজিটাল শাসনব্যবস্থার মতো বহু ক্ষেত্রে চীনের অভিজ্ঞতা উন্নয়নশীল দেশগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষার উৎস হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশের উচিত এই অভিজ্ঞতাকে শুধু অবকাঠামো নির্মাণের দৃষ্টিভঙ্গি থেকে নয়, বরং প্রযুক্তি স্থানান্তর, গবেষণা সহযোগিতা, বিশ্ববিদ্যালয়-শিল্প অংশীদারিত্ব, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং উদ্ভাবনভিত্তিক অর্থনীতি গড়ে তোলার বৃহত্তর প্রেক্ষাপটে মূল্যায়ন করা।
তবে সেই অভিজ্ঞতা গ্রহণ করতে হবে সমালোচনামূলক দৃষ্টিতে এবং রাষ্ট্রীয় প্রেক্ষাপটে উপযোগিতা বিচার করেই। কারণ কোনো দেশের উন্নয়ন মডেল হুবহু অন্য দেশে প্রতিস্থাপন করা সম্ভব নয়; প্রতিটি রাষ্ট্রের ইতিহাস, রাজনৈতিক সংস্কৃতি, প্রশাসনিক সক্ষমতা, অর্থনৈতিক কাঠামো এবং সামাজিক বাস্তবতা ভিন্ন।
বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কৌশলগত দূরদৃষ্টি। আমরা প্রায়ই অদূরদর্শী প্রকল্পভিত্তিক চিন্তা করি, কিন্তু যে কোনো রাষ্ট্র এগোয় তার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি প্রজন্মভিত্তিক পরিকল্পনার মাধ্যমে। রাষ্ট্র পরিচালনায় বিচ্ছিন্ন প্রকল্প নয়, বরং একটি সমন্বিত জাতীয় উন্নয়নের রূপকল্পই দীর্ঘমেয়াদি অগ্রগতির ভিত্তি নির্মাণ করে। সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া কিংবা চীনের সাফল্যের পেছনে রয়েছে কয়েক দশকব্যাপী সুসংহত রাষ্ট্রীয় কৌশল এবং সেগুলো যথাযথভাবে বাস্তবায়ন, নিয়মিত মূল্যায়ন এবং প্রয়োজন অনুযায়ী নীতির পরিবর্তন কিংবা অভিযোজনের দৃঢ় সক্ষমতা।
বাংলাদেশেরও প্রয়োজন তেমন একটি দীর্ঘমেয়াদি জাতীয় পরিকল্পনার ত্রিমাত্রিক (স্বল্প, মধ্য ও দীর্ঘ) বাস্তবায়নের টেকসই রূপকল্প, যেখানে চীনসহ বিশ্বের সব গুরুত্বপূর্ণ পরাশক্তির সঙ্গে সম্পর্ককে জাতীয় উন্নয়নের বৃহত্তর কাঠামোর মধ্যে বিবেচনা করা হবে। সেই রূপকল্পে অবকাঠামো, শিল্পায়ন, প্রযুক্তি, শিক্ষা, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সংযোগ, রপ্তানি বহুমুখীকরণ এবং মানবসম্পদ উন্নয়নকে একটি অভিন্ন জাতীয় কৌশলের অংশ হিসেবে দেখতে হবে।
আজকের বিশ্বে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নটি আর চীনপন্থি না পশ্চিমাপন্থি হওয়ার নয়। প্রশ্ন হলো বাংলাদেশপন্থি হওয়ার এবং দেশের সার্বভৌমত্ব, রাজনৈতিক সক্ষমতা ও অর্থনৈতিক মুক্তির। পররাষ্ট্রনীতির সাফল্য কোনো পরাশক্তির প্রতি আনুগত্যে নয়; বরং রাষ্ট্র কতটা দক্ষতার সঙ্গে নিজের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে পারে, তার ওপর নির্ভর করে।
যে সম্পর্ক বাংলাদেশের অর্থনীতি, বাণিজ্য, প্রযুক্তি, শিক্ষা, আঞ্চলিক সংযোগ এবং জাতীয় সক্ষমতা বৃদ্ধি করবে, সেই সম্পর্কই চতুর্থ শিল্পবিপ্লবের প্রেক্ষাপটে একুশ শতকের বাংলাদেশের জন্য প্রয়োজনীয়। কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বয়ংক্রিয় উৎপাদন, ডিজিটাল অর্থনীতি, স্মার্ট অবকাঠামো, উন্নত যোগাযোগ প্রযুক্তি এবং জ্ঞানভিত্তিক শিল্পের এই যুগে কেবল প্রচলিত কূটনৈতিক সম্পর্ক দিয়ে রাষ্ট্রের অগ্রগতি নিশ্চিত করা সম্ভব নয়।
সুতরাং চীনের সঙ্গে আমাদের সম্পর্ক উন্নয়ন কোনো বিলাসিতা নয়; বরং বর্তমান বৈশ্বিক বাস্তবতায় একটি কৌশলগত প্রয়োজন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থানকে আরও সুসংহত ও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ উপায়। বিশেষ করে যখন দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চল বিশ্ব অর্থনীতি ও ভূরাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, তখন বাংলাদেশের জন্য নিজের ভৌগোলিক অবস্থানকে অর্থনৈতিক ও কৌশলগত সম্পদে রূপান্তর করার বিকল্প নেই।
তবে আমাদের মনে রাখতে হবে যে, চীনের সাথে বাংলাদেশের সেই সম্পর্ক হতে হবে আত্মমর্যাদাসম্পন্ন, স্বার্থভিত্তিক, দূরদর্শী এবং কৌশলী। কোনো রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের গভীরতা কখনোই আত্মসমর্পণের সমার্থক হতে পারে না; বরং পারস্পরিক সম্মান, সমতা, সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা এবং অভিন্ন স্বার্থের ভিত্তিতেই একটি টেকসই অংশীদারিত্ব গড়ে ওঠে।
আবেগ নয়, জাতীয় স্বার্থ; নির্ভরতা নয়, অংশীদারিত্ব; এবং তাৎক্ষণিক লাভ নয়, দীর্ঘমেয়াদি রাষ্ট্রীয় কল্যাণ—এই তিন নীতিই হওয়া উচিত বাংলাদেশ-চীন সম্পর্কের ভবিষ্যৎ ভিত্তি। এই তিনটি নীতিকে সামনে রেখে যদি বাংলাদেশ আগামী দিনের কূটনৈতিক ও অর্থনৈতিক পথচলা নির্ধারণ করতে পারে, তাহলে চীনের সঙ্গে সম্পর্ক শুধু দ্বিপক্ষীয় সহযোগিতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং তা বাংলাদেশের বহুমাত্রিক উন্নয়ন, আঞ্চলিক নেতৃত্বের সম্ভাবনা, অর্থনৈতিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধির অন্যতম চালিকাশক্তিতে পরিণত হতে পারে।
লেখক: ভিজিটিং ফ্যাকাল্টি, ইউনিভার্সিটি অব রোহ্যাম্পটন, যুক্তরাজ্য
কেকে/সাশ