বান্দরবানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য গঠিত আংশিক আহ্বায়ক কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে বান্দরবান জেলা এনসিপির আয়োজনে বান্দরবান প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে নবগঠিত জেলা কমিটির নেতারা জানান, জেলা থেকে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দলীয় সংগঠনকে শক্তিশালী করতে কার্যক্রম চালানো হচ্ছে। শিগগিরই জেলা কমিটি পূর্ণাঙ্গ করা হবে।
নেতারা বলেন, জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যেই এনসিপির পথচলা। দেশের রাষ্ট্রব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলার উন্নয়ন এবং জ্বালানি ও কৃষি সংকট সমাধানে দলটি কাজ করে যাবে।
এ সময় এনসিপির নেতারা সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, ইতিবাচক সমালোচনা ও পরামর্শের মাধ্যমে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান। পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির পাশে থাকার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান তারা।
সংবাদ সম্মেলনে এনসিপির বান্দরবান জেলা আহ্বায়ক মংসা প্রু চৌধুরী, যুগ্ম আহ্বায়ক শার্লি মৈ শে প্রু ও বিপ্লব চাকমা, সদস্য সচিব গোলাম মোস্তফা মাসুদ, সাংগঠনিক সম্পাদক আ স ম সায়েম হোসাইনসহ জেলা কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর মংসা প্রু চৌধুরীকে আহ্বায়ক এবং গোলাম মোস্তফা মাসুদকে সদস্য সচিব করে ৩২ সদস্যবিশিষ্ট এনসিপির বান্দরবান জেলা কমিটি ঘোষণা করা হয়।
কেকে/সাশ