কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় গত আগস্ট মাসে মাদকসহ বিভিন্ন মামলায় এবং গ্রেপ্তারি পরোয়ানায় মোট ১০৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ২৫০টি ইয়াবা ট্যাবলেট ও ৭৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া অভিযান চালিয়ে ৮ হাজার ২০০টি ভারতীয় বাজি উদ্ধার করেছে থানা পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, আগস্ট মাসজুড়ে উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে মাদকসহ বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে মাদকবিরোধী অভিযানে ২৫০টি ইয়াবা ট্যাবলেট, ৭৭ কেজি গাঁজা ও ৮ হাজার ২০০টি ভারতীয় বাজি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্র জানায়, উপপরিদর্শক (এসআই) সৈকত মজুমদার এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সাইফুল আলম সিদ্দিকী ও মো. নূর আল-আহসানের নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করা হয়।
এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানা তামিলের জন্য বিশেষ অভিযান চালানো হয়। এএসআই মো. সাইফুল আলম সিদ্দিকী, মো. নূর আল-আহসান, নাসির উদ্দিন ও কামরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৬৭টি গ্রেপ্তারি পরোয়ানা তামিল করা হয়। অন্যান্য অভিযানে আরও ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”
কেকে/সাশ