হরর ঘরানার সিনেমা ‘আন্ধার’-এর মুক্তি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। অক্টোবরে পূজা উপলক্ষে রায়হান রাফী পরিচালিত সিনেমাটি মুক্তির কথা থাকলেও এখনো এটি চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে ঘোষিত সময়ে সিনেমাটির মুক্তি নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আন্ধার’ সিনেমার বিভিন্ন পেজ ও গ্রুপেও মুক্তি নিয়ে অনিশ্চয়তার বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তির কাছ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।
সিনেমাটির গল্পকার ও অন্যতম প্রযোজক শাকিব চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন, সিনেমাটির সব ঘোষণা আনুষ্ঠানিকভাবেই দেওয়া হয়েছে। মুক্তির বিষয়টিও আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তবে ‘আন্ধার’ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে কি না—জানতে চাইলে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি।
অক্টোবরে মুক্তির পরিকল্পনা সামনে রেখে এরই মধ্যে সিনেমাটির প্রচারণাও শুরু হয়েছে। প্রায় এক মাস ধরে পরিচালক রায়হান রাফী সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির বিভিন্ন দৃশ্য প্রকাশ করছেন। গত ৩ সেপ্টেম্বর প্রকাশিত টিজারে দেখা গেছে আফসানা মিমি, গাজী রাকায়েত, চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, সিয়াম আহমেদ, ফররুখ আহমেদ রেহান ও মোস্তফা মনওয়ারসহ প্রধান অভিনয়শিল্পীদের।
সংলাপ না থাকলেও টিজারে রহস্যময় আবহ, চরিত্রগুলোর লুক এবং সিয়াম আহমেদের কয়েকটি অ্যাকশন দৃশ্য দর্শকদের নজর কেড়েছে।
‘আন্ধার’ হরর ঘরানার সিনেমা। দেশের বিভিন্ন অঞ্চলের ভৌতিক লোককাহিনি ও অতিপ্রাকৃত ঘটনা থেকে সিনেমাটির গল্পের ভাবনা নেওয়া হয়েছে। গল্প লিখেছেন ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরী ও অর্থহীনের সাইদুস সালেহীন সুমন। গল্পের সঙ্গে যুক্ত আছেন আদনান আদিব খানও।
পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, বড় বাজেটের এই সিনেমায় উল্লেখযোগ্য ভিএফএক্স ও গ্রাফিকস অ্যানিমেশনের কাজ রয়েছে। কয়েক মাস ধরে মুম্বাইয়ের একটি স্টুডিওতে এসব কাজ করা হয়েছে। সিনেমাটির বেশির ভাগ শুটিং হয়েছে গাজীপুর ও ময়মনসিংহে।
কেকে/সাশ