ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, ‘বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনা হয়েছে। এ অধিকার ও গণতন্ত্রকে নষ্ট করার যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি সদা সর্বদা প্রস্তুত।’
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের মধুপুরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা, নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এ সব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘সাত মাস হলো বিএনপি সরকারে এসেছে। আমরা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। এরই মধ্যে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। এ দেশের মানুষ শান্তি প্রিয়। শান্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে আপনাদের সজাগ থাকতে হবে। কোনো প্রকার নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না।’
বিক্ষোভ মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয় হতে শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে।
আয়োজিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজি প্রিন্স, সাধারণ সম্পাদক মোতালিব হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম রতন হায়দার, পৌর বিএনপির সহসভাপতি আনোয়ারা খন্দকার লিলি সরকার, রেজাউল করিম সিদ্দিক, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি জয়নাল আবেদীন বাবলু, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, বিএনপি নেতা আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক হযরত আলী শেখ, সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান প্রমুখ।
বক্তারা আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদ জানিয়ে এর বিরুদ্ধে সাংগঠনিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
কর্মসূচীতে উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ ছাড়াও বিএনপির বিভিন্ন সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কেকে/এআই