সংক্রামক রোগ হামের উপসর্গ নিয়ে সারাদেশে গেল ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা) আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৩৪১ জন।
আজ রোববার (২৭ সেপ্টেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪৪২ জন, রাজশাহীতে ৩০ জন, সিলেটে ১৫৩ জন, চট্টগ্রামে ৩৩৮ জন, বরিশালে ১২৭ জন, ময়মনসিংহে ১২২ জন, খুলনায় ৯৩ জন এবং রংপুরে ৩৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৬৬ হাজার ৩১০ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৫৯ হাজার ৫১৯ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৯৫ জনের মৃত্যু হয়েছে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৬ জনে।’
কেকে/এমএ