সীমান্ত পেরিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় রসুনের চালানসহ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় দুই চোরকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ৪ নম্বর সিন্দুরখাঁন ইউনিয়নের হুগলিয়া টিলাগাঁও এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন এলাকার মোছাব্বির হোসেনের দুই ছেলে আব্দুল মুহিত (২৮) ও নাঈম মিয়া (২৬)।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে জেলা পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) সজীব চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম গভীর রাতে হুগলিয়া টিলাগাঁও এলাকায় আসামি আব্দুল মুহিতের বসতবাড়ির উঠানে ঝটিকা অভিযান চালায়। এ সময় উঠানে দাঁড়ানো একটি সিএনজি অটোরিকশা থেকে নেমে দ্রুত কেটে পড়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে মুহিত ও নাঈমকে গ্রেপ্তার করে।
পরবর্তী স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে পেছনের সিট থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় ভর্তি ৯০ কেজি অবৈধ ভারতীয় রসুন উদ্ধার করা হয়। একই সঙ্গে চোরাচালাজে ব্যবহৃত পুরোনো সবুজ রঙের টিভিএস কিং সিএনজি অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেন বিক্রির উদ্দেশ্যে শুল্ক ফাঁকি দিয়ে তারা সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে এসব রসুন দেশে এনেছিলেন। জব্দকৃত মালামালের কোনো বৈধ নথিপত্র তারা দেখাতে পারেননি।
শ্রীমঙ্গল থানা-পুলিশ জানায়, আসামিদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
কেকে/এমএ