লালমনিরহাটের পাটগ্রামে ডাম্প ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় দোকানদার ও পথচারীসহ অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর মহাসড়কের ঘুন্টিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, সকালে পাটগ্রাম থেকে বুড়িমারীর দিকে যাচ্ছিল একটি ডাম্প ট্রাক। ঘুন্টিবাজার এলাকায় পৌঁছালে ট্রাকটির একটি চাকা বিকট শব্দে ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে চাপা দিয়ে ট্রাকটি সড়কের পাশের সারিবদ্ধ দোকানে ঢুকে পড়ে।
এতে ঘটনাস্থলেই বুড়িমারী ইসলামপুর গ্রামের ডাঙ্গাপাড়ার মজিবর রহমানের ছেলে নুর আমিন (২৬) ও একই এলাকার গুড়িয়াটারির ফাতুল হোসেন (২৩) নিহত হন।
পরে গুরুতর আহত অবস্থায় মনিরুল ইসলামের ছেলে মোস্তাকিম ইসলাম (১৮) পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। একই ঘটনায় আমানতুল্লাহ প্রধান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র আনোয়ার ইসলাম শুভ (১৬) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
পাটগ্রাম থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় নিহতের সংখ্যা চারজন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় থাকা পাঁচজনসহ কয়েকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
আহতদের মধ্যে ঘুন্টিবাজারের দোকানদার মিশন ইসলাম (৩৫), ইসলামপুর গ্রামের পথচারী আমিনুল ইসলাম (৩৮), ঘুন্টিবাজার এলাকার বাদশাহ মিয়া (৫৫), ইজিবাইকচালক সাইফুল ইসলাম (৩০), বুলবুল ইসলাম ও মোসলেমসহ অন্তত সাতজন রয়েছেন।
পাটগ্রাম থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ডাম্প ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে ঘটনাস্থলসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে এর চালক ও সহকারী চালক পালিয়ে গেছে।