আধুনিক প্রযুক্তির যুগে জেলা পর্যায়ের সরকারি প্রতিষ্ঠানগুলোর তথ্য বাতায়নে সহজেই তথ্য পাওয়ার সুযোগ থাকলেও রাজবাড়ীতে ৬৭টি সরকারি প্রতিষ্ঠানের মাত্র ১৭টিতে শতভাগ হালনাগাদ তথ্য পাওয়া গেছে। এছাড়া ৬১টি প্রতিষ্ঠানে ৫০ শতাংশের বেশি তথ্য হালনাগাদ রয়েছে, ৬টিতে ৫০ শতাংশের কম এবং ২টি প্রতিষ্ঠানের তথ্য বাতায়নে কোনো তথ্য পাওয়া যায়নি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ তথ্য জানানো হয়।
রাজবাড়ী টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মাসুদ আহমেদ জানান, চলতি বছরের সেপ্টেম্বর মাসে জেলা পর্যায়ের সরকারি প্রতিষ্ঠানগুলোর তথ্য বাতায়নে নোটিশ, খবর, অফিসপ্রধান, কর্মকর্তা-কর্মচারী ও সেবা—এমন সাতটি ক্যাটাগরিতে তথ্য যাচাই-বাছাই করা হয়। এতে ১৭টি প্রতিষ্ঠানে শতভাগ হালনাগাদ তথ্য পাওয়া গেছে। এছাড়া ৬১টি প্রতিষ্ঠানে ৫০ শতাংশের বেশি, ৬টিতে ৫০ শতাংশের কম এবং ২টি প্রতিষ্ঠানে কোনো হালনাগাদ তথ্য পাওয়া যায়নি।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন। স্বাগত বক্তব্য দেন রাজবাড়ী সনাকের সভাপতি মো. আতিয়ার রহমান।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিফ-উল-হাসান, সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, অতিরিক্ত জেলা প্রশাসক শংকর চন্দ্র বৈদ্য, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. শহিদুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তবিবুর রহমান, তথ্য কর্মকর্তা রেখা এবং রাজবাড়ী টিআইবির এরিয়া ম্যানেজার মাসুদ আহমেদ।
আলোচনায় তথ্য প্রাপ্তির অধিকার, গুজব প্রতিরোধ এবং তথ্য অধিকার আইনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
এর আগে ‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ, অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দিবসটির গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে হালনাগাদ তথ্য প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে সনদপত্র দেওয়া হয়।
কেকে/সাশ