নীলফামারীর ডোমার উপজেলা পরিষদ মার্কেটে মোবাইল কোর্ট পরিচালনা করে চার ব্যবসায়ীকে মোট চার হাজার টাকা জরিমানা করেছেন প্রশাসন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০১৮-এর ৫৩ ও ৩৮ ধারায় তিন হোটেল ব্যবসায়ীকে এক হাজার টাকা করে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়। একই আইনের ৫৩ ধারায় একজন কসাইকে সতর্কতামূলকভাবে এক হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্তরা হলেন— উপজেলার পূর্ব চিকনমাটি এলাকার আব্দুর রহিমের স্ত্রী আলিফ নুরা (৪২), উদায়নপাড়া এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে আব্দুর রশিদ (৪৫), ছোট রাউতা ডাঙ্গাপাড়া এলাকার সমসেলের ছেলে খায়রুল ইসলাম (৫৬) এবং সবুজপাড়া এলাকার মফিজ উদ্দিনের ছেলে মো. রফিকুল ইসলাম (৪৭)।
অভিযান পরিচালনার সময় ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর অজয় চন্দ্র রায় এবং ডোমার থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে বাজার তদারকি ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কেকে/এআই