দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দামে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে খরচ হবে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমে যাওয়ায় গহনার দাম পুনর্নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে স্বর্ণের নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের দাম কমেছে ২ হাজার ৯৯ টাকা। ফলে এ মানের এক ভরি স্বর্ণের গহনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা করা হয়েছে। সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের গহনার দাম ১ হাজার ১০৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা।
এর আগে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা নির্ধারণ করেছিল বাজুস। একই সময়ে ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা করা হয়েছিল।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ১৭৫ টাকা কমিয়ে ৪ হাজার ৩১৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ২১ ক্যারেটের এক ভরি রুপার দামও ১৭৫ টাকা কমিয়ে করা হয়েছে ৪ হাজার ১৪১ টাকা।
কেকে/সাশ