জনদুর্ভোগ লাঘবে ঈশ্বরদী রেলগেটে ফ্লাইওভার কিংবা আন্ডারপাস নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে ঈশ্বরদী রেলগেট এলাকায় সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) একটি বিশেষ টেকনিক্যাল টিম সরেজমিন পরিদর্শন করেছে। সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার তেজগাঁও সড়ক ভবন থেকে আসা সওজের টেকনিক্যাল সার্ভিসেস উইংয়ের প্রতিনিধি দলটি পরিদর্শনে অংশ নেয়।
এ সময় ফ্লাইওভার বা আন্ডারপাস নির্মাণের সম্ভাব্য স্থান, যানবাহন চলাচলের গতিপ্রকৃতি, রেলগেটের বর্তমান অবস্থা এবং জনদুর্ভোগের বিভিন্ন দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। সড়ক ও জনপথ অধিদপ্তরের টেকনিক্যাল সার্ভিসেস উইংয়ের নির্বাহী প্রকৌশলী এ কে এম শফিকুজ্জামানের নেতৃত্বে পরিদর্শন দলটি এ কার্যক্রম পরিচালনা করে।
তার সঙ্গে ছিলেন সেতু ডিজাইন বিভাগ-৩-এর উপবিভাগীয় প্রকৌশলী খান মো. রাওহা এবং মাঠপর্যায়ের সংশ্লিষ্ট জোনের প্রতিনিধিরা।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈশ্বরদী রেলগেট দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক সাধারণ মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। ট্রেন চলাচলের সময় দীর্ঘক্ষণ রেলগেট বন্ধ থাকায় ওই এলাকায় প্রায়ই তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী, যাত্রী, পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের দীর্ঘদিনের ভোগান্তি পোহাতে হচ্ছে।
এ সমস্যা সমাধানে দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট এলাকায় একটি ফ্লাইওভার বা আন্ডারপাস নির্মাণের জোরালো দাবি জানিয়ে আসছেন স্থানীয় বাসিন্দারা।
সড়ক ও জনপথ অধিদপ্তরের ব্রিজ ম্যানেজমেন্ট উইংয়ের নির্দেশনা অনুযায়ী, আজকের মাঠপর্যায়ের পরিদর্শন শেষে একটি বিস্তারিত সম্ভাব্যতা প্রতিবেদন প্রস্তুত করা হবে। আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদনটি সংশ্লিষ্ট দপ্তরে দাখিল করা হবে বলে জানা গেছে।
প্রতিবেদনটি চূড়ান্ত হওয়ার পরই প্রকল্পটি বাস্তবায়নের পরবর্তী আনুষ্ঠানিক পদক্ষেপ গ্রহণ করা হবে।
কেকে/সাশ