সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারের শিশুদের মুখে হাসি ফোটাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক অনন্য মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। ২০ জন দরিদ্র শিশুর বিনামূল্যে সুন্নতে খতনা (মুসলমানি) করানোর পাশাপাশি উপহার হিসেবে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন পোশাক ও প্রয়োজনীয় ওষুধপত্র।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে শহরের কলেজ রোডের বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান ‘দ্যা নিউ লাইফ হসপিটালে’ দিনব্যাপী এ সেবামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। ‘মানবসেবা ফ্রি মেডিকেল ক্যাম্প’-এর আয়োজনে এবং যুক্তরাজ্যভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সাউথ লন্ডন ফাউন্ডেশন’-এর অর্থায়নে এ উদ্যোগ বাস্তবায়িত হয়।
অভিজ্ঞ চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মামুনের সার্বিক তত্ত্বাবধানে শিশুদের খতনা সম্পন্ন করা হয়। খতনা শেষে প্রতিটি শিশুর হাতে বিনামূল্যে উপহারস্বরূপ তুলে দেওয়া হয় লুঙ্গি, গেঞ্জি, গামছা এবং চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ধরনের ওষুধ।
এর আগে, বেলা ১২টায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ রফি আহমদ চৌধুরী। কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাউথ লন্ডন ফাউন্ডেশনের সভাপতি মুহিন আহমদ চৌধুরী।
মানবসেবা ফ্রি মেডিকেল ক্যাম্পের সভাপতি সিদ্দিক আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও বাংলা বিভাগের প্রধান মো. সাইফুল ইসলাম, বিশিষ্ট চিকিৎসক নাজেম আল কোরেশী (রাফাত), উপজেলা স্বাস্থ্য প্রকল্পের হেলথ ইন্সপেক্টর (ইনচার্জ) মো. মাহবুবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মো. ফারুক মিয়া, জ্যেষ্ঠ গণমাধ্যমকর্মী ইসমাইল মাহমুদ এবং সাউথ লন্ডন ফাউন্ডেশনের সমন্বয়ক আলফাজ উদ্দিন আহমদ।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, ‘অর্থসংকটের কারণে যে পরিবারগুলো সন্তানদের খতনা করাতে হিমশিম খাচ্ছিল, তাদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ সত্যিই অনুকরণীয়। সমাজে বিত্তবানদের এমন মানবিক কাজে এগিয়ে আসা উচিত।’
উল্লেখ্য, যুক্তরাজ্যপ্রবাসী সমাজকর্মী মুহিন আহমদ চৌধুরী ও সাজন মিয়ার নেতৃত্বে পরিচালিত ‘সাউথ লন্ডন ফাউন্ডেশন’ দীর্ঘ দিন ধরে শ্রীমঙ্গলে দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা, ঈদ ও পূজোয় আর্থিক সহযোগিতা এবং খাদ্য সহায়তাসহ নানাবিধ সামাজিক ও মানবিক কর্মকাণ্ড চালিয়ে আসছে।
কেকে/ এমএস