সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় হত্যা মামলার আসামি বাবা-ছেলেকে তাড়াশ থেকে গ্রেপ্তার করেছে সলঙ্গা থানা পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে তাড়াশ উপজেলার হেমনগর কাটাবাড়ী গ্রামের নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ওই গ্রামের আব্দুল ওহাব আলী ও তার ছেলে জাকির হোসেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম আলী।
পুলিশ জানায়, ২০২৫ সালের ২৪ মার্চ তাড়াশ থেকে মোটরসাইকেলে করে রোকনুজ্জামান ও নাসির উদ্দীন সিরাজগঞ্জ আদালতের উদ্দেশে যাচ্ছিলেন। পথে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার হরিণচড়া এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস দিয়ে তাদের মোটরসাইকেলকে চাপা দেওয়া হয়। এতে ঘটনাস্থলে রোকনুজ্জামান ও নাসির উদ্দীন নিহত হন।
এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে আদালতে পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করে মামলা করা হয়।
ওসি মো. আসলাম আলী জানান, ওই মামলার তদন্তের ধারাবাহিকতায় সোমবার রাতে তাড়াশের হেমনগর কাটাবাড়ী থেকে আব্দুল ওহাব আলী ও তার ছেলে জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কেকে/সাশ