কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ছাগলের জন্য পাতা পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে শহীদ উল্লাহ (৭০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরকাওনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহীদ উল্লাহ উপজেলার চরকাওনা গ্রামের দুলাল মিয়ার ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ছাগলের খাবারের জন্য পাতা সংগ্রহ করতে বাড়ির পাশের একটি গাছে ওঠেন শহীদ উল্লাহ। একপর্যায়ে অসাবধানতাবশত গাছ থেকে নিচে পড়ে যাওয়ার পর তার মাথা ও ঘাড়ে গুরুতর আঘাত লাগে। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. তাওহীদ বলেন, ‘শহীদ উল্লাহকে মস্তিস্কে গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়।’
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গাছ থেকে পড়ে শহীদ উল্লাহ গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।’
কেকে/এআই