দীর্ঘদিন ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে স্তূপ হয়ে থাকা প্রায় ৪০০ টন বর্জ্য সরিয়ে নিয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। দুই দিনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে এক্সকাভেটর ও তিনটি ড্রাম ট্রাক দিয়ে এ সব বর্জ্য অপসারণ করা হয়। বিপুল পরিমাণ বর্জ্য সরিয়ে নেওয়ার পর ক্যাম্পাসের সংশ্লিষ্ট এলাকায় ফিরেছে পরিচ্ছন্নতার পরিবেশ।
রাসিক সূত্রে জানা যায়, প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় গত ২৬ ও ২৮ সেপ্টেম্বর এ অভিযান পরিচালনা করা হয়। বর্জ্য পরিবহনে ব্যবহৃত তিনটি ড্রাম ট্রাকের প্রতিটির ধারণক্ষমতা ছিল ১৪ দশমিক ৭৫ টন। দুইদিনে ট্রাকগুলো মোট ৪৪ ট্রিপে বর্জ্য পরিবহন করে।
দীর্ঘদিনের বর্জ্য অপসারণের ফলে ক্যাম্পাসের সংশ্লিষ্ট এলাকায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ পথচারীদের চলাচলে স্বস্তি ফিরেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। একই সঙ্গে বর্জ্যের স্তূপ থেকে সৃষ্ট পরিবেশগত ভোগান্তিও কমেছে।
রাসিক জানিয়েছে, নগরীর পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে। জনবহুল শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ভবিষ্যতেও প্রয়োজনীয় কার্যক্রম নেওয়ার কথা জানিয়েছে সিটি করপোরেশন।
কেকে/এআই