কিশোরগঞ্জ শহরে ইজিবাইকের পৌর মনোগ্রাম দীর্ঘদিন ধরে নবায়ন না হওয়া এবং মনোগ্রামবিহীন মিশুকের সংখ্যা বেড়ে যাওয়ায় যানজট ও পরিবহন ব্যবস্থাপনায় জটিলতা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছে পৌর ইজিবাইক মালিক সমিতি। এ অবস্থায় ইজিবাইকের পৌর মনোগ্রাম পুনঃনবায়ন এবং মিশুকের জন্য পৃথক ও সুনির্দিষ্ট মনোগ্রাম চালুর দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সমিতির নেতৃবৃন্দ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে পৃথকভাবে এ স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০১৬-১৭ অর্থবছরে কিশোরগঞ্জ পৌরসভা থেকে ইজিবাইকের জন্য মনোগ্রাম দেওয়া হয়। পরবর্তীতে ২০২০-২১ অর্থবছরে সেটি নবায়ন করা হয়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ইজিবাইকের মনোগ্রাম আর নবায়ন করা হয়নি। এ বিষয়ে গত বছরের ২৬ অক্টোবর পৌর প্রশাসকের কাছে লিখিত আবেদন করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন সমিতির নেতারা।
সমিতির অভিযোগ, ইজিবাইকের মনোগ্রাম নবায়নের জন্য মালিকদের আগ্রহ ও আবেদন থাকা সত্ত্বেও কোনো নোটিশ না দিয়ে গত ২৭ সেপ্টেম্বর পৌর কর্তৃপক্ষের নির্দেশে নতুন করে ইজিবাইক নিবন্ধনের জন্য মাইকিং করা হয়েছে। এতে দীর্ঘদিন ধরে মনোগ্রাম নবায়নের অপেক্ষায় থাকা ইজিবাইক মালিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।
স্মারকলিপিতে আরও বলা হয়, কিশোরগঞ্জ শহরে অনুমোদনহীন ও মনোগ্রামবিহীন মিশুকের সংখ্যা দিন দিন বাড়ছে। এ সব যানবাহনের জন্য নির্দিষ্ট কোনো মনোগ্রাম না থাকায় বৈধ ও অবৈধ যান শনাক্তকরণ এবং নিয়ন্ত্রণে জটিলতা তৈরি হচ্ছে। একই সঙ্গে শহরের বিভিন্ন সড়কে যানজট ও বিশৃঙ্খলাও বাড়ছে বলে দাবি করা হয়।
যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক বিভাগের সঙ্গে সমন্বয় করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সমিতির ২২ জন স্বেচ্ছাসেবক নিয়মিত দায়িত্ব পালন করছেন বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।
এ অবস্থায় দ্রুত ইজিবাইকের পৌর মনোগ্রাম নবায়ন, মিশুকের জন্য পৃথক ও সুনির্দিষ্ট মনোগ্রাম চালু এবং শহরের যানজট ও পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন সমিতির নেতৃবৃন্দ।
স্মারকলিপির সঙ্গে পৌর প্রশাসকের কাছে দেওয়া আগের আবেদনের অনুলিপি এবং আইনশৃঙ্খলা কমিটির রেজুলেশনের কপিও জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে জমা দেওয়া হয়।
এ সময় কিশোরগঞ্জ পৌর অটোরিকশা মালিক সমিতির সভাপতি মো. কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, মহিলা সদস্য রহিমা খাতুন, উপদেষ্টা মো. আনোয়ার হোসেন, মহি উদ্দিন লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।
কেকে/এআই