বাংলাদেশ বেতারের গীতিকার ও সুরকার জাসাসর প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব বীরমুক্তিযোদ্ধা সালাম পারভেজ ফকির ইন্তেকাল করেছেন (ইন্না নিল্লাহি ওয়াইন্নি ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের নিকরাইল পলশিয়া রানী দিনমণি উচ্চবিদ্যালয় মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে নিকরাইলের নলুয়া কবরস্থানে বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত স্থানে তাকে দাফন করা হয়। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় ফুলেল শ্রদ্ধা নিবেদন ও গার্ড অব অনার প্রদান করা হয়।
বীর মুক্তিযোদ্ধা সালাম পারভেজ ফকির উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৫ সেপ্টেম্বর ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলে অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার জানাজায় টাঙ্গাইল-১ (ধনবাড়ী-মধুপুর) আসনের সংসদ সদস্য ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন, সাবেক উপ-মন্ত্রী বর্তমান টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহীন, টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান, ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম রেজাউল করিম উপস্থিত ছিলেন।
এ ছাড়াও উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপির সভাপতি এসএমএ ছোবহান, উপজেলা বিএনপির সহ-সভাপতি হাফিজুর রহমান বিএসসি, হাফেজ খাইরুল ইসলাম মুন্সী, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আল শাফি রিমু, ধনবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এনটিভির সাংবাদিক হাফিজুর রহমান প্রমুখ জানাজায় উপস্থিত ছিলেন।
জানাজার আগে মরহুমের স্মৃতিচারণ করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ‘মরহুম সালাম পারভেজ ফকির আমার চাচা হলেও ছিলেন বন্ধুর মতো। তিনি ৭১-’র সূর্য সৈনিক। বাল্যকাল থেকে আমরা একসঙ্গে বড় হয়েছি। তার সঙ্গে আমার শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে আছে। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকের বাংলাদেশ পেয়েছি, তিনি তাদেরই একজন। তিনি আজ আমাদের মাঝে নেই। আমরা সবাই একদিন চলে যাব। তার আত্মার মাগফেরাতের জন্য আমি সকলের কাছে দোয়া চাই।’
কেকে/এআই