মিয়ানমার ও তৎসংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপের প্রভাবে বান্দরবানে গতকাল বিকাল থেকে প্রচুর বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর সঙ্গে হঠাৎ হঠাৎ প্রবল বজ্রপাতও হচ্ছে।
একনাগাড়ে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি বইছে ঝোড়ো বাতাস। বৃষ্টির কারণে জেলার সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। টানা বৃষ্টিতে জনজীবন অনেকটা থমকে গেছে। কাজ ছাড়া স্থানীয়রা ঘরের বাইরে বের হচ্ছেন না। সড়ক ও নদীপথেও যাত্রীর সংখ্যা কমে গেছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাসহ ভূমিধস হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, বান্দরবানে গত ২৪ ঘণ্টায় ৬৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পরবর্তী আরও ৪৮ ঘণ্টা এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
কেকে/এমএস