ফরিদপুরের সালথা উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব আল আজাদ জনি, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আফিফা সুলতানা, সালথা থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, নবকম কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার এবং সালথা প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ।
এ ছাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, মাদক সমাজের জন্য একটি ভয়াবহ ব্যাধি। মাদকের বিস্তার রোধে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সালথার বিভিন্ন এলাকায় ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে দাঙ্গা-কাইজ্জা, সংঘর্ষ ও সামাজিক বিরোধ যাতে সৃষ্টি না হয়, সেদিকে জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। কোনো বিরোধ সৃষ্টি হলে তা সংঘাতে রূপ নেওয়ার আগেই স্থানীয়ভাবে শান্তিপূর্ণভাবে সমাধানের উদ্যোগ নেওয়ার বিষয়েও আলোচনা করা হয়।
এ ছাড়া বাল্যবিবাহ, ইভটিজিং, চুরি-ছিনতাই, জুয়া, কিশোর অপরাধসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়েও আলোচনা হয়।
বক্তারা বলেন, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে শুধু প্রশাসনের ওপর নির্ভর করলে হবে না; সমাজের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধিদেরও আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।
কেকে/সাশ