সেনাবাহিনীর সদস্য পরিচয়ে মেলায় ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে মৌলভীবাজার পৌরসভার এম সাইফুর রহমান অডিটোরিয়ামে আয়োজিত নারী উদ্যোক্তা মেলা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সামছুদ্দিন মিয়ার ছেলে ইমরান আহমেদ (২০) এবং একই গ্রামের বিলাল মিয়ার ছেলে মাসুম আহমদ (১৯)।
জানা যায়, রাত ৮টার দিকে আটক দুই যুবক মেলায় প্রবেশ করে নিজেদের সেনাসদস্য হিসেবে পরিচয় দেন। এ সময় তাদের কাছে থাকা ওয়াকিটকি ও সেনাবাহিনীর পোশাকে ধারণ করা ভুয়া ছবি দেখিয়ে মেলার বিভিন্ন স্টলে গিয়ে চাঁদা দাবি করেন তারা। টাকা না দিলে ব্যবসায়ীদের গ্রেপ্তার ও হেনস্তার হুমকি দেওয়া হয়।
তাদের হাঁটচলা ও কথাবার্তায় সন্দেহ হলে উপস্থিত ব্যবসায়ী ও দর্শনার্থীরা দুইজনকে ধরে ফেলেন। পরিস্থিতি বেগতিক দেখে তাদের সঙ্গে থাকা আরও দুই সহযোগী কৌশলে চম্পট দেয়। খবর পেয়ে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
অভিযানে তাদের কাছ থেকে একটি ওয়াকিটকি সেট, সেনাবাহিনীর মতো দেখতে এক সেট প্যান্ট ও টি-শার্ট, তিনটি ভুয়া আইডি কার্ডের ছবি এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা সেনাসদস্য পরিচয় দিয়ে চাঁদা দাবির কথা স্বীকার করেছে। মেলার আয়োজক কমিটির সদস্য নাহিদ আহমেদের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। ঘটনায় জড়িত পলাতক অপর সহযোগীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।’
কেকে/এআই