ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনসহ অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ও সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করতে আজ সোমবার (১২ অক্টোবর) বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১১ অক্টোবর) নির্বাচন কমিশনের উপসচিব মো. শাহ্ আলম সংবাদমাধ্যমকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে কমিশনের ১৩তম সভা অনুষ্ঠিত হবে। এতে নির্বাচন কমিশনার, ইসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সভার আলোচ্যসূচিতে স্থানীয় সরকার পরিষদগুলোর নির্বাচন এবং সারা দেশে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা ও সময় নির্ধারণের বিষয়টি গুরুত্ব পাবে।
এ ছাড়া জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম গতিশীল করতে কর্মকর্তাদের মধ্যে ক্ষমতা অর্পণ ও বণ্টনের বিষয়েও আলোচনা হবে।
সভায় জাতীয় নির্বাচন পদক নীতিমালা-২০২৫-এর খসড়া প্রস্তাব অনুমোদন এবং এ-সংক্রান্ত অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
তবে বৈঠকে আলোচনার পর স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ও অন্যান্য বিষয়ে কী সিদ্ধান্ত আসে, তা জানতে কমিশনের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা করতে হবে।
কেকে/ এমএস