রাজধানীর মোহাম্মদপুরে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সেন্ট ক্রিস্টিনা ক্যাথলিক চার্চ থেকে ৭০ কেজি ওজনের ঘণ্টা চুরির ঘটনায় চক্রের মূল হোতা ও চুরি হওয়া ঘণ্টার ক্রেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-২।
রোববার (১১ অক্টোবর) রাতে রাজধানীর লালমাটিয়া এলাকায় অভিযান চালিয়ে চুরি চক্রের মূল হোতা মো. আলমগীর হোসেন (৪৫) এবং চুরি হওয়া ঘণ্টার ক্রেতা মো. রিফাতুল ইসলাম অন্তরকে (২৫) গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, গত ১ অক্টোবর আসাদ গেটসংলগ্ন সেন্ট ক্রিস্টিনা ক্যাথলিক চার্চ থেকে প্রায় সাড়ে তিন লাখ টাকা মূল্যের বিভিন্ন ধাতু দিয়ে তৈরি ঘণ্টাটি চুরি হয়। এ ঘটনায় চার্চের সদস্য পিটার বাড়ৈ বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন।
এর আগে, গত ৩ অক্টোবর মোহাম্মদপুর এলাকা থেকে রহিম বাদশাহ (৪১) এবং গাজীপুর থেকে সোহাগ (২৯) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-২ জানায়, চুরি হওয়া ঘণ্টাটি গত ২ অক্টোবর লালমাটিয়ার একটি ময়লার স্তূপ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে মোহাম্মদপুর থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তাদের অপরাধসংক্রান্ত রেকর্ড যাচাই করে আলমগীর হোসেনের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানায় ডাকাতির প্রস্তুতির একটি এবং সিঁধেল চুরির দুটি মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
কেকে/এমএস