রাজধানীর পুরান ঢাকার চকবাজারের মুনসুর খান প্লাজায় লাগা আগুন চার ঘণ্টার বেশি সময় পার হলেও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। এরই মধ্যে প্লাজা থেকে আগুন পাশের আরেকটি ভবনেও ছড়িয়ে পড়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিকাল ৫টা ২ মিনিটে চকবাজারের ছোট কাটারা এলাকায় এসি মসজিদের পাশে অবস্থিত মুনসুর খান প্লাজার ছয়তলার একটি দোকানে আগুন লাগে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খবর পাওয়ার দুই মিনিটের মধ্যে বিকাল ৫টা ৪ মিনিটে নিকটস্থ ফায়ার স্টেশন থেকে অগ্নিনির্বাপণের গাড়িগুলো ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় দুই কিলোমিটার হলেও যানজট ও সরু সড়কের কারণে প্রথম গাড়িটি পৌঁছাতে ১৮ মিনিট সময় লাগে। বিকাল ৫টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন কর্মীরা।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদর দপ্তর ও লালবাগ ফায়ার স্টেশনের মোট ১০টি ইউনিট কাজ করছে। তবে আগুন পাশের ভবনে ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, পুরান ঢাকার ঘনবসতিপূর্ণ ওই এলাকায় আগুন নেভানোর জন্য তাৎক্ষণিকভাবে ব্যবহারের উপযোগী কোনো প্রাকৃতিক জলাধার বা স্থায়ী পানির উৎস নেই। ফলে প্রয়োজনীয় পানি সংগ্রহ ও সরবরাহে বেগ পেতে হচ্ছে উদ্ধারকর্মীদের।
এ পরিস্থিতিতে দূরবর্তী স্থান থেকে হোসপাইপের মাধ্যমে পানি এনে এবং পানিবাহী গাড়ি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
কেকে/এআই