টানা দাম বাড়ার পর বিশ্ববাজারে কিছুটা কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সৌদি আরবে হামলার কারণে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা এবং রাশিয়া থেকে ডিজেল রপ্তানি বাড়ার সম্ভাবনাকে কেন্দ্র করে বিশ্ববাজারে তেলের দামে ওঠানামা চলছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার গ্রিনিচ মান সময় রাত ১২টায় আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬১ সেন্ট বা ০.৫৭ শতাংশ কমে ১০৬.০৪ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৪৭ সেন্ট বা ০.৫ শতাংশ কমে ৯৩.২৭ ডলারে নেমেছে।
এর আগে, সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ২ ডলার বেড়েছিল। ওই দিন ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৬.৬৫ ডলারে স্থির হয়, যা গত ১৫ সেপ্টেম্বরের পর সর্বোচ্চ সমাপনী দর।
বিশ্লেষকদের মতে, সৌদি আরবে হামলার কারণে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা বিশ্ববাজারে দাম বাড়ার চাপ তৈরি করছে। অন্যদিকে, রাশিয়া থেকে ডিজেল রপ্তানি বাড়ার সম্ভাবনা সরবরাহ পরিস্থিতির উন্নতির আশা জোগাচ্ছে। মূলত সরবরাহ নিয়ে উদ্বেগ এবং বাজারে জ্বালানি তেলের প্রাপ্যতা বাড়ার সম্ভাবনা—এই দুইয়ের প্রভাবেই আন্তর্জাতিক বাজারে তেলের দামে ওঠানামা দেখা যাচ্ছে।
কেকে/ এমএস