উপকূলীয় ও দুর্যোগপ্রবণ দক্ষিণাঞ্চলের ঝুঁকি হ্রাস এবং তৃণমূল পর্যায়ে দুর্যোগ সচেতনতা বাড়ানোর বার্তা নিয়ে বরিশালের গৌরনদী উপজেলায় পালিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, ফায়ার সার্ভিসের জীবন রক্ষাকারী বাস্তব মহড়া ও বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়।
স্থানীয় সুশীল সমাজ, শিক্ষার্থী ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের অংশগ্রহণে র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনারায় চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম।
তিনি বলেন, “প্রাকৃতিক দুর্যোগের ওপর মানুষের হাত নেই, কিন্তু পূর্বপ্রস্তুতি ও সচেতনতা থাকলে ক্ষয়ক্ষতির পরিমাণ বহুগুণ কমিয়ে আনা সম্ভব। জলবায়ু পরিবর্তনের ধাক্কা মোকাবিলায় প্রান্তিক মানুষকে প্রশিক্ষণ ও সঠিক তথ্যের আওতায় আনাই আমাদের মূল লক্ষ্য।”
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) খোকন চন্দ্র দাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, উপজেলা সমবায় কর্মকর্তা লতিফা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান, গৌরনদী প্রেস ক্লাবের সভাপতি জহিরুল ইসলাম জহির ও সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া।
সভায় সংবাদিকরা দুর্যোগকালীন তথ্য আদান-প্রদান এবং স্থানীয় জনগণকে দ্রুত সতর্ক করার ক্ষেত্রে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার কথা তুলে ধরেন।
কেকে/এমএ