জনপ্রিয় তারকাদের আড্ডাভিত্তিক অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-এর নবম ও শেষ মৌসুম শুরু হচ্ছে বলিউড সুপারস্টার সালমান খানকে দিয়ে। অনুষ্ঠানটির সঞ্চালক ও নির্মাতা করণ জোহর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রথম অতিথি হিসেবে সালমানের নাম ঘোষণা করেছেন।
আগামী ১৪ অক্টোবর থেকে জিওহটস্টারে দেখা যাবে নতুন মৌসুমটি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ইনস্টাগ্রামে প্রকাশিত ঘোষণায় করণ জোহর জানান, শেষবারের মতো অনুষ্ঠানে আড্ডা দিতে আসছেন সালমান। প্রকাশিত ভিডিওতে সালমানকেও বলতে শোনা যায়, তিনি ‘কফি উইথ করণ’-এ অংশ নিতে আসছেন।
গত ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠানটির সমাপ্তির ঘোষণা দেন করণ জোহর। ২২ বছরের পথচলা, আটটি মৌসুম ও ১৬১টি পর্বের পর জনপ্রিয় এই সেলিব্রিটি টক শো শেষ হতে যাচ্ছে বলে জানান তিনি।
অনুষ্ঠানটির দীর্ঘ যাত্রার স্মৃতিচারণ করে করণ বলেন, কিছু যাত্রার সমাপ্তি আগে থেকে পরিকল্পনা করা হয় না; বরং একসময় উপলব্ধি হয়, এবার বিদায় জানানোর সময় এসেছে। ‘কফি উইথ করণ’ তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ ছিল উল্লেখ করে তিনি বলেন, এই অনুষ্ঠান তাকে বন্ধুত্ব, অসংখ্য স্মৃতি, আনন্দঘন মুহূর্ত ও ভালোবাসা দিয়েছে। পাশাপাশি নানা বিতর্কেরও মুখোমুখি হতে হয়েছে।
২০০৪ সালে শুরু হওয়া অনুষ্ঠানটি দীর্ঘদিন ধরে বলিউড তারকাদের ব্যক্তিগত অভিজ্ঞতা, সম্পর্ক ও নানা আলোচিত বিষয় নিয়ে কথোপকথনের জন্য পরিচিত। এর বিভিন্ন পর্ব ঘিরে যেমন আলোচনা তৈরি হয়েছে, তেমনি বিতর্ক, অনুমান ও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনাও হয়েছে।
কেকে/সাশ