জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরের ব্যক্তিগত জীবন নিয়ে শোবিজ অঙ্গনে নানা গুঞ্জন ছড়িয়েছে। স্বামী নেহাল তাহেরের সঙ্গে তার দাম্পত্য জীবনে টানাপোড়েন চলছে এবং সাত বছরের সংসারের ইতি ঘটতে পারে—এমন আলোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে। তবে এসব দাবির বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি সাবিলা কিংবা নেহাল।
বিনোদন অঙ্গনে ছড়িয়ে পড়া গুঞ্জন অনুযায়ী, কয়েক মাস ধরে আলাদা থাকছেন সাবিলা ও নেহাল। তাদের মধ্যে মতের অমিল তৈরি হওয়ায় সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে বলেও বিভিন্ন সূত্রের বরাতে দাবি করা হচ্ছে।
এর মধ্যেই সাবিলার নতুন সম্পর্কে জড়ানোর গুঞ্জন সামনে এসেছে। বিনোদন অঙ্গনে আলোচনা রয়েছে, বিজ্ঞাপন ও চলচ্চিত্রের একজন চিত্রগ্রাহকের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়েছে অভিনেত্রীর।
এসব আলোচনা ঘিরে সাবিলা ও নেহালের দাম্পত্য সম্পর্ক নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। তবে তাদের ব্যক্তিগত জীবনের বর্তমান পরিস্থিতি কিংবা কথিত নতুন সম্পর্কের সঙ্গে দাম্পত্য টানাপোড়েনের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
২০১৯ সালের ৭ ডিসেম্বর পারিবারিক আয়োজনে বিয়ে করেন সাবিলা নূর ও নেহাল তাহের। পেশায় ব্রডকাস্ট প্রকৌশলী নেহালের সঙ্গে সাবিলার সম্পর্কের শুরুটা ছিল বন্ধুত্বের। পরে সেই সম্পর্ক বিয়েতে গড়ায়।
২০১৪ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন সাবিলা নূর। বিজ্ঞাপনে কাজ করে পরিচিতি পাওয়ার পর নাটকে অভিনয় শুরু করেন তিনি। পরে চলচ্চিত্রেও নাম লেখান। শাকিব খানের সঙ্গে ‘তাণ্ডব’ ও ‘রকস্টার’ সিনেমায় অভিনয়ের পাশাপাশি ‘বনলতা এক্সপ্রেস’ ছবিতেও দেখা গেছে তাকে।
কেকে/সাশ