বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক বৈজ্ঞানিক আলোচনা ও পেশাগত মতবিনিময় অনুষ্ঠানে মনোরোগ বিশেষজ্ঞ ডা. রুবাইয়াৎ ফেরদৌসের লেখা ‘মনকে বুঝি, মানুষকে পাশে রাখি’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
রাজধানীর মাইকেয়ার হেলথ অ্যান্ড রিসার্চে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোহিত কামাল।
‘মানসিক স্বাস্থ্য সচেতনতা ও রেফারেল গাইড—সাধারণ জনগণ ও চিকিৎসকদের জন্য’ উপ-শিরোনামে প্রকাশিত বইটির মূল লক্ষ্য মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং মানসিক সমস্যার প্রাথমিক লক্ষণ শনাক্ত করা থেকে শুরু করে প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণ পর্যন্ত সাধারণ মানুষ ও চিকিৎসকদের দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
বইটিতে বিভিন্ন মানসিক রোগের লক্ষণ, প্রাথমিক পর্যায়ে মানসিক স্বাস্থ্য সমস্যা চিহ্নিত করা, উপযুক্ত চিকিৎসা নেওয়া এবং প্রয়োজন অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে রোগীকে পাঠানোর বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। পাশাপাশি মানসিক রোগ নিয়ে প্রচলিত ভুল ধারণা দূর করা এবং মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতাপূর্ণ আচরণের প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়েছে।
বইটির লেখিকা ডা. রুবাইয়াৎ ফেরদৌস ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সাইকিয়াট্রি বিভাগের সহকারী অধ্যাপক। তিনি এমবিবিএস, এমসিপিএস ও এফসিপিএস (সাইকিয়াট্রি) ডিগ্রিধারী। এ ছাড়া ভারতে সেক্সুয়াল মেডিসিন বিষয়ে বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন তিনি।
অনুষ্ঠানে ‘প্যাসেন্ট’স মেন্টাল হেলথ ইজ ইভরি ডক্টর’স রেসপনসিবিলিটি টু’ শীর্ষক একটি বৈজ্ঞানিক উপস্থাপনা করা হয়। এতে মানসিক স্বাস্থ্যসেবায় চিকিৎসকদের দায়িত্ব, রোগীদের প্রতি সহমর্মিতা এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর বিষয়গুলো আলোচনায় আসে।
‘লিভড এক্সপেনসেস হার্ড : রিয়েল ভয়েসেস, রিয়েল চেঞ্জ’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে মানসিক স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য ও জনবান্ধব করার ওপর গুরুত্ব দেওয়া হয়। মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের অভিজ্ঞতা ও বাস্তব পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে সেবার মান উন্নয়নের প্রয়োজনীয়তাও আলোচনায় উঠে আসে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইকেয়ার হেলথ অ্যান্ড রিসার্চের প্রতিনিধি মো. মাহমুদ হাসান, নিউরোসায়েন্স অ্যান্ড সাইকিয়াট্রি হাব লিমিটেডের হেড অব অপারেশনস ডা. একেএম নাজমুল ইসলাম, রূপম হোসেন, ফিজিওথেরাপিস্ট ও লেখক ডা. শফিউল্লাহ প্রধান এবং ডা. আবুল কাশেম নোমান। এ ছাড়া বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, স্বাস্থ্যসেবা পেশাজীবী ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
কেকে/এআই