সরকারপ্রধান তারেক রহমানের নির্দেশনায় খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক অসুস্থ খান সাইফুলের শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি সরেজমিনে পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে গিয়ে তিনি সাইফুলের চিকিৎসার সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।
হাসপাতালে অবস্থানকালে ডা. বিটু সাইফুলের চিকিৎসার দায়িত্বে থাকা বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে তার বর্তমান শারীরিক অবস্থা, চলমান চিকিৎসা এবং চিকিৎসার অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এ সময় সাইফুলের পরবর্তী চিকিৎসা পরিকল্পনা ও প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েও মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি।
এদিকে, নিজের চিকিৎসার বিষয়ে প্রধানমন্ত্রীর আন্তরিক উদ্যোগ ও সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন খান সাইফুল। একই সঙ্গে তার চিকিৎসায় নিয়োজিত বিশেষজ্ঞ চিকিৎসক ও সংশ্লিষ্ট সবার প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. নুরুজ্জামান, সহযোগী অধ্যাপক ডা. মাসুম আলী, আরপি ডা. মো. মাজহারুল প্রমুখ।
উল্লেখ্য, গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে খান সাইফুলের অসুস্থতার বিষয়টি সামনে আসে। বিষয়টি জানার পর থেকেই মনোয়ারুল কাদির বিটু তার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখছেন এবং চিকিৎসাসংক্রান্ত বিষয়গুলো ধারাবাহিকভাবে তদারকি করছেন।
কেকে/এমএ