গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ২০১০-২০১২ সালের শ্রমিকদের অংশগ্রহণ তহবিল (ডব্লিউপিপিএফ) ও শ্রমিক কল্যাণ তহবিল (ডব্লিউডব্লিউএফ) সংক্রান্ত পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পাওনা দ্রুত পরিশোধের দাবিতে চট্টগ্রামে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চট্টগ্রাম সিটির পাহাড়তলী এলাকায় গ্রামীণফোনের সার্কেল অফিসের সামনে ‘গ্রামীণফোন ৫ শতাংশ বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদ’-এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে গ্রামীণফোনের সাবেক শ্রমিকরা অংশ নেন এবং তাদের দীর্ঘদিনের আইনগত পাওনা দ্রুত নিষ্পত্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় ১৬ বছর ধরে তাদের ন্যায্য পাওনা অনিষ্পন্ন অবস্থায় রয়েছে। এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং ৬৪ জেলার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। গত মঙ্গলবার (১৩ অক্টোবর) এনবিআরের সামনে শান্তিপূর্ণ কর্মসূচিও পালন করা হয়।
কিন্তু দীর্ঘদিন ধরে দাবি জানানো সত্ত্বেও এখন পর্যন্ত দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় তারা হতাশা প্রকাশ করেন।
বক্তারা আরও বলেন, এ বিরোধের সুষ্ঠু নিষ্পত্তি শুধু সাবেক শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করার বিষয় নয়, এর সঙ্গে দেশের রাজস্ব ও অর্থনৈতিক স্বার্থও জড়িত।
ঐক্য পরিষদের নেতাদের দাবি অনুযায়ী, বিষয়টির যথাযথ নিষ্পত্তির মাধ্যমে সরকারের প্রায় ১৩ হাজার কোটি টাকা পর্যন্ত সম্ভাব্য রাজস্ব আদায়ের সুযোগ তৈরি হতে পারে। পাশাপাশি প্রায় ৪ হাজার ৩০০ শ্রমিক ও তাদের পরিবারের আর্থিক নিরাপত্তা ও ভবিষ্যৎ এই পাওনা নিষ্পত্তির সঙ্গে সম্পৃক্ত।
মানববন্ধন থেকে শ্রমিকদের আইনগত অধিকার রক্ষা, দীর্ঘদিনের বকেয়া পাওনা নিষ্পত্তি এবং দেশের অর্থনৈতিক স্বার্থ বিবেচনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সরকারি সংস্থা ও গ্রামীণফোন কর্তৃপক্ষকে দ্রুত সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।
একই সঙ্গে দীর্ঘদিনের এ বিরোধের সম্মানজনক, স্বচ্ছ ও কার্যকর সমাধানের লক্ষ্যে বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতি (এডিআর) অনুসরণের দাবি জানানো হয়।
বক্তারা মনে করেন, সংশ্লিষ্ট সব পক্ষ আন্তরিকভাবে আলোচনায় অংশ নিলে এই দীর্ঘসূত্রতার অবসান ঘটিয়ে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো সম্ভব।
ঐক্য পরিষদের নেতারা জানান, দাবি আদায়ের ধারাবাহিকতায় আগামীতে গ্রামীণ টেলিকমের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।
তারা দ্রুত আলোচনার উদ্যোগ গ্রহণ এবং বকেয়া পাওনা নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন।
অন্যথায় দাবি আদায়ে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে বলে তাঁরা হুঁশিয়ারি দেন।
গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ন্যায্য পাওনা দ্রুত নিষ্পত্তি, তাদের আইনগত অধিকার প্রতিষ্ঠা এবং সংশ্লিষ্ট সব পক্ষের স্বার্থ রক্ষায় অবিলম্বে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছে ‘গ্রামীণফোন ৫ শতাংশ বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদ’।
কেকে/এমএ