বৈদ্যুতিক গাড়ির প্রযুক্তিতে নতুন চমক দেখানোর দাবি করেছে ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলা। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের রকেট উন্নয়নকেন্দ্রে নতুন রোডস্টারের বিশেষ সংস্করণ প্রদর্শন করা হয়েছে। এতে গাড়িটিকে মাটি থেকে ওপরে উঠে ভাসতে, ডিগবাজি দিতে এবং একাধিক গাড়ি টপকে অবতরণ করতে দেখা যায়। তবে এসব কৌশল দেখালেও গাড়িটিকে সড়কে চলাচলের উপযোগী যান হিসেবেই বাজারে আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মাস্ক।
মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্থানীয় সময় টেক্সাসের ম্যাকগ্রেগরে স্পেসএক্সের পরীক্ষাকেন্দ্রে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রায় নয় বছর পর নতুন রোডস্টারের বিশেষ সংস্করণ সামনে এনে এর গতি ও প্রযুক্তিগত সক্ষমতা তুলে ধরেন টেসলার প্রধান নির্বাহী।
প্রদর্শনীর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করেন মাস্ক। এতে সাদা রঙের বৈদ্যুতিক স্পোর্টস কারটিকে শূন্যে ভাসতে, উল্টে যেতে এবং বিভিন্ন কৌশলে চলাচল করতে দেখা যায়। পুরো আয়োজনে দ্রুতগতির নানা কসরতের পাশাপাশি স্পটলাইট ও ঘন ধোঁয়া ব্যবহার করা হয়।
টেসলার দাবি, নতুন রোডস্টার ঘণ্টায় ৩৭০ কিলোমিটারের বেশি গতিতে চলতে পারবে। বিশেষ থ্রাস্টার প্রযুক্তির সাহায্যে স্থির অবস্থা থেকে ঘণ্টায় ৯৬ কিলোমিটার গতি অর্জন করতে গাড়িটির সময় লাগবে এক সেকেন্ডেরও কম।
প্রদর্শনীতে গাড়িটিকে মাটি থেকে ওপরে তোলা এবং এর গতিবিধি নিয়ন্ত্রণে বিশেষ প্রযুক্তির ব্যবহার দেখানো হয়। টেসলা জানিয়েছে, এতে ঠান্ডা গ্যাসের থ্রাস্টার ও ফ্যানভিত্তিক সাকশন প্রযুক্তি রয়েছে। স্পেসএক্সের সঙ্গে যৌথভাবে তৈরি থ্রাস্টারগুলো গাড়িটির উল্লম্ব গতিবিধি নিয়ন্ত্রণে সহায়তা করার জন্য তৈরি।
প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, ফ্যানভিত্তিক সাকশন ব্যবস্থা সর্বোচ্চ দুই জি পর্যন্ত আকর্ষণ বল তৈরি করতে পারে। তবে প্রদর্শনীতে দেখানো প্রযুক্তিগুলোর ব্যবহারিক সীমা ও সড়কে চলাচলের ক্ষেত্রে সেগুলোর প্রয়োগ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
অনুষ্ঠানে নিজের বন্ধু পিটার থিয়েলের একটি মন্তব্য উল্লেখ করে ভবিষ্যতের প্রযুক্তি নিয়ে রসিকতা করেন মাস্ক। তিনি বলেন, ‘একসময় মানুষকে উড়ন্ত গাড়ির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত পাওয়া গেছে ১৪০ অক্ষরের সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট।’
টুইটার কেনার আগে প্ল্যাটফর্মটিতে একটি পোস্টের সর্বোচ্চ অক্ষরসীমা ছিল ১৪০। সেই সীমার প্রসঙ্গ টেনে মাস্ক বলেন, এখন আর সেই সীমাবদ্ধতা নেই।
টেসলার ওয়েবসাইটে নতুন রোডস্টারকে ‘পদার্থবিজ্ঞানের সীমার বাইরে’ বলে বর্ণনা করা হয়েছে। তবে প্রদর্শনীতে উড়ন্ত কৌশল দেখানো হলেও এটি প্রচলিত সড়কযান হিসেবেই বাজারজাত করার পরিকল্পনা রয়েছে বলে জানান মাস্ক।
২০১৭ সালে দ্বিতীয় প্রজন্মের রোডস্টার উন্মোচন করেছিল টেসলা। এরপর থেকেই গাড়িটির নতুন সংস্করণ নিয়ে আগ্রহ রয়েছে প্রযুক্তি ও গাড়িপ্রেমীদের মধ্যে। দীর্ঘ বিরতির পর বিশেষ সংস্করণ প্রদর্শন করা হলেও গাড়িটির উৎপাদন শুরু হতে ২০২৮ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
কেকে/এআই