প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন সফরকে কেন্দ্র করে নতুন সাজে সেজে উঠছে রাজশাহী মহানগরী। সফর উপলক্ষে নগরীর বিভিন্ন সড়ক, সড়ক বিভাজক ও গুরুত্বপূর্ণ স্থানে পরিচ্ছন্নতা, সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর কর্মসূচি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন করতে নেওয়া হচ্ছে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা।
আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে নগরীর বিভিন্ন এলাকায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সড়ক বিভাজকে নতুন রং লাগানো হচ্ছে। পাশাপাশি পুরোনো স্থাপনা সংস্কার ও রং করে দৃষ্টিনন্দন করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা নগরীকে পরিচ্ছন্ন ও সুন্দরভাবে উপস্থাপনের জন্য কাজ করছেন।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে ব্যস্ততা দেখা গেছে। সফরকে ঘিরে নগরবাসীর মধ্যেও উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। অনেকেই প্রধানমন্ত্রীকে একনজর দেখার অপেক্ষায় রয়েছেন। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটিই প্রথম রাজশাহী সফর।
সফর উপলক্ষে বিএনপির পক্ষ থেকে সমাবেশসহ বিভিন্ন কর্মসূচির প্রস্তুতি নেওয়া হয়েছে। এ ছাড়া নগরীর ধর্মসভা মণ্ডপ পরিদর্শন এবং হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়ের কথা রয়েছে। এসব কর্মসূচি সফল করতে মন্দির কমিটি ও সংশ্লিষ্ট ব্যক্তিরাও প্রস্তুতি নিচ্ছেন।
এদিকে প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে শনিবার (১৭ অক্টোবর) বিকেলে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলামের সঞ্চালনায় সভায় খাদ্য সচিব মো. ফিরোজ সরকার, রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনসহ জেলা পর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় প্রধানমন্ত্রীর সফরকে রাজশাহী বিভাগের জন্য সম্মান ও মর্যাদার বিষয় হিসেবে উল্লেখ করা হয়। সফরকালে প্রধানমন্ত্রীর সব কর্মসূচি সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় সংশ্লিষ্ট দপ্তরগুলোর ওপর অর্পিত দায়িত্ব আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে যথাসময়ে পালনের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা, পারস্পরিক সমন্বয় এবং দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর জোর দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে নগরীর সৌন্দর্যবর্ধন, প্রশাসনিক তৎপরতা, নিরাপত্তাব্যবস্থা ও বিভিন্ন কর্মসূচির প্রস্তুতি মিলিয়ে রাজশাহীতে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, সমন্বিত প্রস্তুতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর সফরের সব কর্মসূচি সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হবে।
কেকে/এমএ