লালমনিরহাট-২ (আদিতমারী-কালিগঞ্জ) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেছেন, ‘আমি কথায় নয়, কাজে বিশ্বাসী। দীর্ঘ ১৭ বছরের আদিতমারী ও কালিগঞ্জ এলাকাটি অবহেলিত এবং উন্নয়ন বঞ্চিত ছিল। দেখেন আজকে কোন রাস্তা-ঘাট ভাল নেই। মানুষ দুর্বিষহ চলাচল করছে।’
রোববার (১৮ অক্টোবর) দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বৃহত্তর রংপুর অঞ্চলের জেলাসমূহের পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (জিআরআইআইপি) আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরের, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর লালমনিরহাটের বাস্তবায়নে চারটি রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্য অনুষ্ঠানে রোকন উদ্দিন আরও বলেন, ‘ফ্যাসিবাদী আওয়ামীল সরকার ক্ষমতায় থাকাকালে এই এলাকায় কোন উন্নয়নমূলক কাজ করে নাই, জনগণ থেকে বিচ্ছিন্ন ছিল। তারা শুধু লুটের রাজনীতি করেছে আর দেশের টাকা বিদেশে পাচার করেছে। বিগত নির্বাচনে আপনারা আমার প্রতি যে আস্থা-সমর্থন দিয়ে সংসদ সদস্য নির্বাচন করেছেন, আজকে যেন আপনাদের সেই আস্থা অর্জনে নিয়োজিত থাকতে পারি। আমি নির্বাচনের সময় যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেটি যেন বাস্তাবায়ন করতে পারি, সেই ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছি। আজকে তারই প্রমাণ এলাকার যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন ও জনগণের যাতায়াত সুগম করার লক্ষ্যে চারটি গুরুত্বপূর্ণ রাস্তার ভিত্তিপ্রস্তর হয়ে গেল।’
‘গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা বর্তমান সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার। এই চার রাস্তার নির্মাণকাজ শেষ হলে এলাকার কয়েক হাজার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে। কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যে এক নতুন গতির সঞ্চার হবে।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান কাজে বিশ্বাসী, জনগণের সাথে কোন প্রতারিত করে না। প্রধানমন্ত্রী বলেছেন উন্নয়ন বঞ্চিত মানুষগুলোর জন্য সরকার কাজ করতে বদ্ধপরিকর। সে নির্দেশনায় আমি এই এলাকার সংসদ সদস্য হিসেবে আপনাদের পাশে থেকে কাজ করতে চাই এবং আমাদের যে প্রতিশ্রুতি ছিল সেটি পূরন করতে আপনাদের সাথে নিয়ে পাশে থেকে এলাকার কাজ করতে চাই। এ জন্য সবার সহযোগিতা কামনা করেন।’
উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক হাবিবুর রহমান হবির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী একেএম ফজলুল হক, আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজিব, ভেলাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া রিপন, পলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুর রহমান ও কমলাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মাইদুল ইসলাম জুয়েল, সারপুকুর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম কাজল।
মধুপুর শয়তানের মোড় হতে মসুর দৈলজোর উচ্চ বিদ্যালয় ভায়া হরিদাম পর্যন্ত চুক্তিমূল্য ১ কোটি ৫৪ লক্ষ ৯৭ হাজার ৪ শত ৪২.৯৫ টাকা ব্যয়ে সড়কের উন্নয়নমূলক কাজ, কমলাবাড়ী শংকরটারী জিপিএস কুমড়ীরহাট সড়ক চুক্তিমূল্য ১ কোটি ২৩ লক্ষ ৫৯ হাজার ১৯.৩৯ টাকা ব্যয়ে উন্নয়নমূলক কাজ, সাপ্টীবাড়ী ইউপি (চৌরাস্তা জেডার) কুমড়ীরহাট পর্যন্ত চুক্তিমুল্য ২ কোটি ৮৪ লক্ষ ৭০ হাজার ১৯৫.১৪২ টাকা ব্যয়ে উন্নয়নমূলক কাজ ও কুমড়ীরহাট -গোড়ল ইউপি সড়ক চুক্তিমূল্য ১ কোটি ৫০ লক্ষ ৮৮ হাজার ৬৮৬.৯২ টাকা ব্যায়ে মোট চারটি রাস্তার উন্নয়নমূলক কাজের ভিত্তি প্রস্তর করেন রোকন উদ্দিন।
কেকে/এমএ