শারদীয় দুর্গোৎসবকে নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে সর্বোচ্চসংখ্যক সদস্য মোতায়েন করেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি)। সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ছড়ানো গুজব ও অপতথ্য প্রতিরোধে সার্বক্ষণিক কাজ করছে সংস্থাটির সাইবার মনিটরিং টিম। কেউ উসকানিমূলক বা মিথ্যা তথ্য প্রচার করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাকে শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে ফরিদপুর শহরের গৌর গোপাল আঙিনার পূজামণ্ডপ পরিদর্শন শেষে এসব কথা জানান এসআরবি-১০’-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান।
এ সময় তিনি বলেন, ‘দুর্গাপূজাকে কেন্দ্র করে নারীদের উত্ত্যক্ত করা প্রতিরোধ, গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে সিসিটিভি স্থাপন এবং বড় মণ্ডপগুলোতে ড্রোনের মাধ্যমে নজরদারির ব্যবস্থা করা হয়েছে। উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মণ্ডপগুলোতে সনাতন ধর্মাবলম্বী স্বেচ্ছাসেবকেরাও দায়িত্ব পালন করছেন। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উৎসবের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।’
মোহা. আসাদুজ্জামান জানান, এখন পর্যন্ত পূজাকে ঘিরে বড় ধরনের নাশকতা বা জঙ্গি তৎপরতার কোনো খবর পাওয়া যায়নি। তবে যেকোনো ধরনের অপতৎপরতা ও বিশৃঙ্খলা মোকাবিলায় এসআরবির সদস্যরা প্রস্তুত রয়েছেন।
তিনি বলেন, ‘আগামী বুধবার (২১ অক্টোবর) প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে পূজার সমাপ্তি নিশ্চিত করতে এসআরবির গোয়েন্দা দল, টহল দল, পেট্রোল দল ও মোবাইল কোর্টসহ বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
গৌর গোপাল আঙিনার পূজামণ্ডপ পরিদর্শন শেষে মোহা. আসাদুজ্জামান জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
কেকে/এমএ