রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় শারদীয় দুর্গোৎসবের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সরকারের অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং নির্বিঘ্নে উৎসব উদযাপনের আশ্বাস দেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে শতবর্ষের ঐতিহ্যবাহী মঠ মন্দির পরিদর্শনের মধ্য দিয়ে তার এ কার্যক্রম শুরু হয়। সেখানে মন্দির কর্তৃপক্ষ ফুলের তোড়া দিয়ে তাকে স্বাগত জানায়। মহানবমী উপলক্ষে তিনি পূজার আরতি উপভোগ করেন।
পরে অর্থ উপদেষ্টা বালক সমিতি সার্বজনীন পূজামন্দির, গোয়ালন্দ বাজার সার্বজনীন পূজামন্দির, রামকৃষ্ণ পল্লী সার্বজনীন পূজামন্দির এবং নগররায়ের বাড়ি পূজামন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি প্রতিটি মণ্ডপের নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
পরিদর্শনকালে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রতিবছরের মতো এবারও সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। উৎসবের আনন্দ যেন নির্বিঘ্ন ও নিরাপদ থাকে, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রেখে দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে উৎসবের নিরাপত্তা ও সম্প্রীতির বিষয়ে গুরুত্ব দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি সব ধর্মের মানুষকে নির্ভয়ে ও নিরাপদে ধর্মীয় উৎসব পালনের আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ-উল-হাসান, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
কেকে/সাশ