রাজধানী ঢাকায় বাস চলাচলে শৃঙ্খলা ফেরানো, যানজট কমানো এবং গণপরিবহন ব্যবস্থাকে আরও যাত্রীবান্ধব করতে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ কার্যক্রমের আওতায় বর্তমানে চালু থাকা ৯৮টি বাস রুট পুনর্বিন্যাস করে ৩২টি সমন্বিত রুটে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (১ নভেম্বর) প্রাথমিক পর্যায়ে প্রস্তাবিত ৩২টি রুটের মধ্যে ছয়টি রুটে আনুষ্ঠানিকভাবে বাস চলাচল শুরু হয়েছে। পর্যায়ক্রমে বাকি রুটগুলোও এ ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
যে ছয়টি রুটে চলবে একক কোম্পানির বাস
নতুন ব্যবস্থায় ছয়টি রুটে একক কোম্পানির অধীনে বাস চলাচল করবে। রুটগুলো হলো—গাজীপুরের শিববাড়ী চৌরাস্তা থেকে আজিমপুরের ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত, আব্দুল্লাহপুর হয়ে। মিরপুর চিড়িয়াখানা থেকে চুলকুটিয়া পর্যন্ত, সায়েন্স ল্যাব হয়ে। মোহাম্মদপুরের বসিলার ঘাটারচর থেকে ডেমরা স্টাফ কোয়ার্টার পর্যন্ত, শাহবাগ ও মৎস্য ভবন হয়ে। মোহাম্মদপুরের বসিলা থেকে নারায়ণগঞ্জের চিটাগাং রোড-কাঁচপুর সেতু পর্যন্ত, সায়েন্স ল্যাব ও জিগাতলা হয়ে।
মোহাম্মদপুরের ঘাটারচর থেকে আব্দুল্লাহপুরের ধউর সেতু পর্যন্ত, মিরপুর-১০ হয়ে। টঙ্গী কলেজ গেট থেকে আজিমপুরের ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত, আব্দুল্লাহপুর হয়ে।
বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের মাধ্যমে রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানজট কমানো এবং যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
কেকে/ এমএস