আসন্ন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) নির্বাচন ২০২৭-২০২৮ কেন্দ্র করে সংগঠনের সিদ্ধান্ত ও অনুমোদিত প্রার্থী মনোনয়ন অমান্য করা এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)-এর ৯ জন সদস্যকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একই অভিযোগে আরও ৬ জন সদস্যকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে।
এ্যাবের গঠনতন্ত্রের ধারা ১৩.২ লঙ্ঘনের দায়ে সংগঠনের আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন স্বাক্ষরিত পৃথক পৃথক আদেশে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সংগঠন সূত্রে জানা যায়, আইইবি নির্বাচন উপলক্ষে এ্যাবের পক্ষ থেকে নির্ধারিত প্যানেল ও প্রার্থীদের অনুমোদন দেওয়া হয়েছিল। তবে বহিষ্কৃত ও শোকজপ্রাপ্ত সদস্যরা সংগঠনের সে সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনী কার্যক্রমে অংশ নেন, যা সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সামিল। শৃঙ্খলা রক্ষার্থেই আহ্বায়ক কমিটির সিদ্ধান্তে এসব শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্থায়ীভাবে বহিষ্কৃত নেতৃবৃন্দ ও সদস্যরা হলেন— প্রকৌশলী সৈয়দ মাহফুজ আহমেদ, পিইঞ্জ (উপদেষ্টা, আহ্বায়ক কমিটি), প্রকৌশলী এটিএম তানবির-উল-হাসান তমাল (সদস্য, আহ্বায়ক কমিটি), প্রকৌশলী বিজু বড়ুয়া (সদস্য, আহ্বায়ক কমিটি), প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন (সদস্য, আহ্বায়ক কমিটি), প্রকৌশলী মুহাম্মদ আহসানুল রাসেল (সদস্য, আহ্বায়ক কমিটি), প্রকৌশলী সাব্বির আহমেদ ওসমানী (সদস্য, আহ্বায়ক কমিটি), প্রকৌশলী মো. কামরুল হাসান উজ্জ্বল (সদস্য, আহ্বায়ক কমিটি), প্রকৌশলী মোতাহার হোসেন (সাধারণ সদস্য) ও প্রকৌশলী কাজী ইয়াকুব সিরাজউদ্দৌলা (সাধারণ সদস্য)।
সংগঠন সূত্রে জানানো হয়, বহিষ্কৃত ব্যক্তিবর্গকে পূর্বে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হলেও তাদের দেওয়া লিখিত জবাব অসন্তোষজনক ও অপর্যাপ্ত প্রমাণিত হয়েছে। স্থায়ী বহিষ্কারের ফলে সংগঠনটির সঙ্গে তাদের সকল পদ ও সাধারণ সদস্যপদের অবসান ঘটেছে এবং তারা আর এ্যাব-এর নাম, পদবি বা পরিচয় ব্যবহার করতে পারবেন না।
দলীয় সিদ্ধান্ত ও প্যানেল অমান্য করে প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা বা মনোনয়নপত্র দাখিল করায় ৬ জন সাধারণ সদস্যকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের এ্যাব-এর সাধারণ সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রাপ্তরা হলেন— প্রকৌশলী মো. জহুরুল ইসলাম জনি, প্রকৌশলী মুহাম্মদ আবু হোসেন হিটলু, প্রকৌশলী মো. আরাফাত রহমান রাকু, প্রকৌশলী মো. মেসবাহুল ইসলাম বরাত, প্রকৌশলী মোহাম্মদ মুনতাসির মামুন, প্রকৌশলী মো. শহীদুজ্জামান ও প্রকৌশলী মুহাম্মদ সাইদুল ইসলাম।
সংগঠনের সাংগঠনিক ঐক্য, শৃঙ্খলা ও গঠনতান্ত্রিক মর্যাদা রক্ষার স্বার্থেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
কেকে/এআই