ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হটলাইন নম্বর ১০২-এর প্রচার এবং অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে আয়োজন করা হচ্ছে ‘ফায়ার ইন্টারন্যাশনাল ম্যারাথন-১০২’। আগামী ২৮ নভেম্বর পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় অনুষ্ঠিতব্য এ আয়োজনের জার্সি ও মেডেল উন্মোচন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) বিকাল ৩টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জার্সি ও মেডেল উন্মোচন করেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন। পরে ম্যারাথন নিয়ে নির্মিত একটি প্রোমো ভিডিও প্রদর্শন করা হয়। বক্তব্য দেন ম্যারাথনের রেস ডিরেক্টর ও পরিচালক (অপারেশনস ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান, পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এমএ আজাদ আনোয়ার এবং পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শহীদ আতাহার হোসেন।
এ ছাড়া হটলাইন নম্বর ১০২-এর প্রচারে নির্মিত ভিডিও এবং ফায়ার সার্ভিসের অপারেশনাল কার্যক্রম নিয়ে ‘আগুনের আর্তনাদ’ শিরোনামের একটি গানের ভিডিওচিত্র দেখানো হয়। গানটির কথা লিখেছেন অধিদপ্তরের মহাপরিচালক এবং সুর করেছেন জায়েদ খলিল।
প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক সুলতানুল আফরীন জুনাইদ বলেন, ম্যারাথনের মাধ্যমে ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ আয়োজন বাস্তবায়নে সহযোগিতার জন্য স্পন্সর প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি হটলাইন নম্বরটির প্রচার এবং ফায়ার সার্ভিসের বিভিন্ন কাজে স্বেচ্ছাসেবী হিসেবে সহযোগিতার জন্য রানার্স কমিউনিটির সদস্যদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি অন্য অতিথিদের সঙ্গে নিয়ে ম্যারাথনের জার্সি ও মেডেল উন্মোচন করেন। পরে তিনি গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
‘রান অ্যান্ড রাইজ ফর হিউম্যানিটি, রিকল ১০২’ স্লোগান সামনে রেখে আয়োজিত এ ম্যারাথনে অংশগ্রহণকারীদের জন্য থাকছে চারটি বিভাগ—২১ দশমিক ১ কিলোমিটার, ১০ কিলোমিটার, ৫ কিলোমিটার এবং শিশুদের জন্য ১ দশমিক ০২ কিলোমিটার। হটলাইন নম্বর ১০২-এর পরিচিতি বাড়ানোর পাশাপাশি অগ্নিকাণ্ড ও অন্যান্য দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা তৈরিই এ আয়োজনের মূল লক্ষ্য।
কেকে/এআই