পুলিশ ও আনসার বাহিনীতে যোগ দেওয়া নবীন কর্মকর্তাদের দায়িত্ব পালনে ক্ষমতার অপব্যবহার না করা এবং বাহিনীর ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আইন প্রয়োগের ক্ষেত্রে সতর্কতা, বিচক্ষণতা ও পেশাদারিত্ব বজায় রাখার পাশাপাশি রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে দায়িত্ব পালনের নির্দেশনাও দিয়েছেন তিনি।
রোববার (১ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ৪৫তম বিসিএসের মাধ্যমে পুলিশ ও আনসার ক্যাডারে যোগ দেওয়া কর্মকর্তাদের ব্রিফিং ও পরিচিতি সভায় এসব কথা বলেন মন্ত্রী।
প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কর্মকর্তাদের ছাত্রজীবনে রাজনৈতিক সম্পৃক্ততা থাকতে পারে। তবে চাকরিতে যোগ দেওয়ার পর কোনোভাবেই সেই সংশ্লিষ্টতার প্রভাব পেশাগত দায়িত্বে পড়তে দেওয়া যাবে না। দায়িত্ব পালনে নিরপেক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।’
নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং দেশের সার্বিক কর্মকাণ্ড নির্বিঘ্নে পরিচালনার পরিবেশ তৈরি করা তাদের অন্যতম প্রধান দায়িত্ব। প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও জনজীবনে স্বস্তি নিশ্চিত করার ক্ষেত্রে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ।’
কর্মজীবনে শৃঙ্খলা ও বিধিবিধান মেনে চলার ওপরও গুরুত্ব দেন মন্ত্রী। তিনি বলেন, ‘চাকরির নিয়মনীতি ও সার্ভিস রুলস অনুসরণ করতে হবে এবং জ্যেষ্ঠ কর্মকর্তাদের আইনসম্মত নির্দেশনা যথাযথভাবে পালন করতে হবে।’
পুলিশ ও আনসার বাহিনীর দায়িত্বের ধরন অন্য ক্যাডার সার্ভিসের তুলনায় ভিন্ন ও চ্যালেঞ্জিং উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘দায়িত্ব পালনের সময় অনেক ক্ষেত্রে তাৎক্ষণিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়। এ জন্য কর্মকর্তাদের উপস্থিত বুদ্ধি, দক্ষতা ও পেশাদার আচরণের পরিচয় দিতে হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইজিপির (ইনচার্জ) দায়িত্বে থাকা অতিরিক্ত আইজিপি (প্রশাসন) একেএম আওলাদ হোসেন এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, রোববার সকালে ৪৫তম বিসিএসের মাধ্যমে পুলিশ ক্যাডারে ৬৫ জন এবং আনসার ক্যাডারে ১৯ জন কর্মকর্তা যোগদান করেন। নতুন যোগ দেওয়া মোট ৮৪ কর্মকর্তাকে দায়িত্ব পালনের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া এবং পরিচিতির অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়।
কেকে/এআই