সারা দেশে গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্যন্ত মোট প্রাণহানি ৪৩৩ জনে দাঁড়াল। এ ছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ৯৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ সোমবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে তিনজন মারা গেছেন। পাশাপাশি এই সময়ে ময়মনসিংহ বিভাগে ২ জন এবং সিলেটে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (৯০০ জন) হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়াও উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ২৯৪ জন, চট্টগ্রাম বিভাগে ২৫২ জন, বরিশাল বিভাগে ১৮৩ জন, রাজশাহী বিভাগে ১৫৩ জন, ময়মনসিংহ বিভাগে ৯৫ জন, রংপুর বিভাগে ৭১ জন এবং সিলেট বিভাগে ২২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছর ১ জানুয়ারি থেকে ২ নভেম্বর পর্যন্ত সবমিলিয়ে দেশে ডেঙ্গুতে মোট ৪৩৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ২০৩ জন মারা গেছেন।
এ ছাড়া উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ৮০ জন, চট্টগ্রাম বিভাগে ৪৩ জন, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন, বরিশাল বিভাগে ২৯ জন, রাজশাহী বিভাগে ২৯ জন, রংপুর বিভাগে ৮ জন এবং সিলেট বিভাগে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু হয়েছে।
কেকে/এআই