কিশোরগঞ্জের করিমগঞ্জে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক আন্তর্জাতিক দাতব্য সংস্থা শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল। সংস্থাটির বাংলাদেশ অফিসের অর্থায়নে উপজেলার ৩০০ দরিদ্র ও অসহায় নারী-পুরুষ এবং মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার নোয়াবাদ ইউনিয়নের ঝাউতলা বাজারসংলগ্ন উলুমূল কোরআন নূরানী হাফিজিয়া মাদরাসা মাঠে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় ১৫০ জন পুরুষের হাতে জ্যাকেট এবং ১৫০ জন নারীর হাতে কার্ডিগান সোয়েটার তুলে দেওয়া হয়।
শীতের প্রকোপ বাড়ার আগেই অসহায় মানুষের কষ্ট লাঘব এবং তাদের উষ্ণতার ব্যবস্থা নিশ্চিত করতে এ মানবিক উদ্যোগ নেওয়া হয়। শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনালের বাংলাদেশ অফিসের অর্থায়নে আয়োজিত কর্মসূচিটি সমন্বয় করেন ঝাউতলা আনোয়ারিয়া ফাজিল মাদরাসার আরবি বিভাগের প্রভাষক মাওলানা আকরাম খন্দকার।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাউতলা আনোয়ারিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল ওয়াহাব, সহকারী অধ্যাপক মাওলানা মুহসিন উদ্দিন, আব্দুর রব, মাওলানা মুসা, আব্দুল আওয়ালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
শীতের পোশাক হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগীরা। তাদেরই একজন রিনা আক্তার বলেন, ‘আমাদের মতো অসহায় মানুষের জন্য শীতের পোশাক কেনা অনেক সময় কঠিন হয়ে পড়ে। শীত বাড়ার আগেই নতুন জ্যাকেট পেয়ে খুব ভালো লাগছে। এই পোশাক শীতের দিনে অনেক উপকারে আসবে।’
কার্ডিগান সোয়েটার পাওয়া ঝুমা আক্তার বলেন, ‘শীতের সময় গরম কাপড়ের খুব প্রয়োজন হয়। কিন্তু অভাবের কারণে অনেক সময় প্রয়োজনীয় পোশাক কেনা সম্ভব হয় না। নতুন সোয়েটার পেয়ে আমরা অনেক খুশি। যারা আমাদের কথা ভেবে এই আয়োজন করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’
উপকারভোগী শিক্ষার্থী ইভা আক্তার বলেন, ‘এ ধরনের উদ্যোগ অসহায় মানুষের জন্য অনেক বড় সহায়তা। শুধু শীতবস্ত্র নয়, সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠান এভাবে মানুষের পাশে দাঁড়ালে শীতের কষ্ট অনেকটাই কমবে।’
কর্মসূচির সমন্বয়ক মাওলানা আকরাম খন্দকার বলেন, শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল বিশ্বের বিভিন্ন দেশে দরিদ্র, অসহায়, এতিম ও বিধবাদের কল্যাণে কাজ করে যাচ্ছে। বাংলাদেশেও সংস্থাটির উদ্যোগে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। শীতবস্ত্র বিতরণের পাশাপাশি রমজানে ইফতারসামগ্রী বিতরণ, কোরবানি কার্যক্রম, এতিমদের জন্য ঘর নির্মাণ, মসজিদ-মাদরাসা ও ওজুখানা নির্মাণসহ নানা সেবামূলক কার্যক্রম রয়েছে।
তিনি আরও বলেন, এতিম শিশুদের পোশাক, ভরণপোষণ ও শিক্ষার ব্যয়ভার বহনেও সহযোগিতা করে সংস্থাটি। শীত মৌসুমের শুরুতে দেশের বিভিন্ন অঞ্চলে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় করিমগঞ্জে ৩০০ অসহায় মানুষের হাতে শীতের পোশাক তুলে দেওয়া হয়েছে।
কেকে/ এমএস