হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে স্মৃতিস্তম্ভের নিচের অংশের বেশ কিছুটা পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) দিবাগত গভীর রাতে জেলা প্রশাসক কার্যালয়ের কাছাকাছি অবস্থিত স্মৃতিস্তম্ভটিতে আগুন দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে স্মৃতিস্তম্ভটিতে আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন এগিয়ে আসেন। তারা আগুন নেভানোর চেষ্টা করেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
খবর পেয়ে পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। অগ্নিকাণ্ডের কারণ ও এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, এ ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগের সুশান্ত, আলমগীর, মোতাচ্ছির ও মিজান গ্রুপের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট দেওয়া হচ্ছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক রোববার সকালে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হবে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/ এমএস